টেন হাগের দাবি
রোনালদো সতীর্থদের ভুল পরামর্শ দিতেন

সংগৃহীত ছবি
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগের দাবি, ক্লাবটিতে দ্বিতীয় মেয়াদে ক্রিস্তিয়ানো রোনালদো সতীর্থদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিলেন। অনুশীলনেও ভালো উদাহরণ তৈরি করতে পারেননি পর্তুগিজ তারকা। ২০২২ সালের শেষ দিকে ইউনাইটেড ছাড়ার আগে রোনালদোর ফিটনেস ও অনুশীলনের অভ্যাস নিয়েও প্রশ্ন তুলেছেন এই ডাচ কোচ।
২০২২-২৩ মৌসুমের প্রথমার্ধে কয়েক মাস একসঙ্গে কাজ করেছিলেন টেন হাগ ও রোনালদো। তবে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করা রোনালদোর সঙ্গে কোচের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত ২০২২ সালের নভেম্বরে দুই পক্ষের চুক্তি বাতিল হয়।
সম্প্রতি দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে টেন হাগ বলেন, ‘রোনালদো দলকে হতাশ করেছে, আমাকেও হতাশ করেছে। কারণ আমরা তাকে পরিকল্পনার অংশ হিসেবে রেখেছিলাম। ইউনাইটেডে যোগ দেওয়ার আগে তার সঙ্গে কথা বলতে আমি পর্তুগালেও গিয়েছিলাম। তাকে নিয়ে আমার পরিকল্পনার কথা জানিয়েছিলাম।’
সেসময়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার কারণও জানান টেন হাগ, ‘ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদো। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল। তবে কোচ হিসেবে তখন আমাকে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়েছে। যেসব খেলোয়াড়কে আমি পছন্দ করি, তাদের নিয়েও প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়েছে।’
রোনালদোকে দিয়ে অতিরিক্ত প্রেসিং করানোর চেষ্টা করেছিলেন—এমন ধারণাও নাকচ করেছেন টেন হাগ। তার দাবি, প্রাক্-মৌসুমের প্রস্তুতিতে ঘাটতি থাকায় রোনালদো শারীরিকভাবে নিজের সেরা অবস্থায় ছিলেন না। ফলে গোল করার জায়গায় পৌঁছাতেও সমস্যায় পড়তেন তিনি, ‘আমি অনেকবার রোনালদোকে বলেছি, সবাই তোমাকে ভালো জায়গায় বল পৌঁছে দিতে এবং গোলের সুযোগ তৈরি করে দিতে চায়। কিন্তু তুমি যদি নিজে বক্সে পৌঁছাতে না পারো, তাহলে গোল করবে কীভাবে?’
তিনি আরও বলেন, ‘রোনালদো তখন সেটা করতে পারছিল না। আমি তার কাছ থেকে অতিরিক্ত প্রেসিং আশা করতাম—এমন ধারণা ভুল। সে খুব ক্লান্ত থাকত। বল নিজেদের দখলে থাকুক বা না থাকুক, কোনো অবস্থাতেই সে যথেষ্ট দৌড়াতে পারছিল না। কারণ সে নিজেকে সেভাবে প্রস্তুত করেনি।’
টেন হাগের মতে, বড় দলের সাফল্যের জন্য তারকা খেলোয়াড়দেরও দলের প্রয়োজনে পরিশ্রম করতে হয়। রোনালদোর বিরুদ্ধে সতীর্থদের অনুশীলনে কম পরিশ্রম করার পরামর্শ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি, ‘রোনালদো সতীর্থদের বলত অনুশীলনে নিজেদের শক্তি বাঁচিয়ে রাখতে। ফিট থাকলে অনুশীলনে কিছুটা শক্তি বাঁচিয়ে রাখার বিষয়টি বুঝতে পারি। কিন্তু তার আগে তো নিজের ফিটনেস ঠিক করতে নিয়মিত অনুশীলন করতে হবে।’



