উঁকি মারতে গিয়ে হাসির খোরাক রোনালদো

সৌদি প্রো লিগের হাই-ভোল্টেজ ম্যাচে আল-ইত্তিহাদের বিপক্ষে মাঠে নেমেছিল আল-নাসর। ম্যাচ চলাকালীন এক হাস্যকর কাণ্ড ঘটিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার টানটান উত্তেজনার মাঝে তিনি প্রতিপক্ষের ডাগআউট থেকে আসা গোপন ট্যাকটিক্যাল নোট বা নির্দেশিকা লুকিয়ে দেখার চেষ্টা করতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন।
ম্যাচের মাঝপথে আল-ইত্তিহাদের ডিফেন্ডার দানিলো পেরেইরাকে বেঞ্চ থেকে আসা কৌশলগত নির্দেশসংবলিত একটি কাগজ পাঠানো হয়। ঠিক সেই মুহূর্তে চরম চতুরতার সঙ্গে দানিলোর ঠিক পেছনে এসে দাঁড়িয়ে উঁকি দিয়ে সেই কাগজ পড়ার চেষ্টা করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের এই হাস্যরসাত্মক আচরণে হেসে ফেলেন দানিলো। জায়ান্ট স্ক্রিনে এই দৃশ্য দেখে গ্যালারিতে থাকা দর্শকদেরও স্নায়ুচাপ কমে। এই মজার মুহূর্ত শেষ পর্যন্ত ম্যাচ হারার বেদনা ভুলিয়ে দিতে পারেনি রোনালদোকে। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে আল-ইত্তিহাদের কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে আল-নাসর, যা চলতি মৌসুমে তাদের প্রথম পরাজয়। ম্যাচের প্রথমার্ধেই জর্জ ইলেনিখোনার জোড়া গোল করে দলকে চালকের আসনে বসিয়ে দেন। প্রথমার্ধের শেষ দিকে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে আর সমতায় ফিরতে পারেনি আল-নাসর।
ম্যাচ শেষে প্রতিপক্ষ আল-ইত্তিহাদ ক্লাব তাদের অফিসিয়াল সোশ্যাল অ্যাকাউন্টে রোনালদোর সেই উঁকি মারার ঘটনাটি নিয়ে খোঁচা মেরে লিখেছে, ‘প্রতারণা করেও হারল!’ মাঠে সিআর সেভেনের এমন রিল্যাক্সড ও মজার মনোভাব সমর্থকদের বিনোদন জোগালেও, প্রথম হার এড়াতে ব্যর্থ হওয়ায় দিনশেষে হতাশাই সঙ্গী হয়েছে আল-নাসর অধিনায়কের।






