চ্যাম্পিয়নস লিগ
সাবাহকে নিয়ে সতর্ক বার্সা

সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এরকম মাঠে আগে কখনোই খেলেনি তারা। এশিয়া সীমান্ত ঘেঁষা ইউরোপের একেবারে পূর্বদিকের দেশ আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে খেলতে নামছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ক্লাবটির বিপক্ষেও অবশ্য বেশ সতর্ক ফ্লিক।
বাছাইপর্ব ও মূল পর্ব মিলিয়ে এখন পর্যন্ত ইউরোপে ৬৩৬টি ম্যাচ খেলেছে বার্সা। কিন্তু কখনোই ইউরোপের এত পূর্বে খেলতে যায়নি কাতালানরা। চমক দেখিয়ে চ্যাম্পিয়নস লিগে উঠে আসা সাবাহর মাঠে খেলতে নেমে তাই একেবারেই নতুন অভিজ্ঞতার মুখোমুখি ফ্লিকের দল।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে বার্সা। একটি জয় নিয়ে ৩০তম অবস্থানে সাবাহ। আগে কখনোই মুখোমুখি হয়নি দুই দল। বাকুতে আজ রাত ১১.৪৫ মিনিটে লড়বে দুই ক্লাব।
নবাগত এই দলটিকেও সমীহের চোখে দেখছেন ফ্লিক, ‘তারা খুব সাহসী দল। আমাদের নিজেদের খেলাটা ঠিকভাবে খেলতে হবে। এটা চ্যাম্পিয়নস লিগ। সব প্রতিপক্ষই কঠিন। সাবাহ যেহেতু এখানে খেলছে, তাই তাদের হালকাভাবে নেওয়ার উপায় নেই। সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকেই আমরা জয়ের জন্য মাঠে নামব।‘
ইনজুরির কারণে আজ দলের সঙ্গে নেই লামিন ইয়ামাল। গোড়ালির সমস্যার কারণে দলের সঙ্গে বাকুতে যাননি তিনি। আগামী রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচে তার ফেরার সম্ভাবনা আছে।
এই মৌসুমে প্রথমবারের মতো ইয়ামালকে ছাড়া খেলতে নামছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলের ১৭ ম্যাচের সবকটিতেই তিনি শুরুর একাদশে ছিলেন এবং ১৩টি গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন।
ফ্লিক জানালেন, ইয়ামালকে ছাড়াই জয়ের সামর্থ্য রাখেন তারা, ‘আমরা আগেও লামিনকে ছাড়া খেলেছি, তাই আমাদের জানা আছে কী করতে হবে। সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে পরিস্থিতি যাচাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, তার বাড়িতে থাকাই ভালো। আশা করি, সবকিছু ঠিকঠাক থাকবে এবং পরের ম্যাচে সে খেলতে পারবে।‘
ফ্লিকের আগে ডি ইয়ং বলেন, ‘লামিনের মতো খেলোয়াড়কে সবসময়ই মিস করবে দল। সে অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড়। সে প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে পারে এবং নিজেই গোলের সুযোগ সৃষ্টি করতে পারে। তাই তার মতো খেলোয়াড়ের অনুপস্থিতি সহজেই বোঝা যায়। তবে আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে এবং তাকে ছাড়াও আমরা জিততে পারি।”



