শেষ সীমায় সুয়ারেজ
মেসির প্রাণশক্তি আর আগ্রহ যেন ফুরোচ্ছেই না!

ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে আছেন সময়ের অন্যতম সেরা দুই বন্ধু ও সতীর্থ লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। বার্সেলোনার সোনালি দিনগুলোর পর বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতেও মাঠ মাতাচ্ছেন ৩৯ বছর বয়সী এই দুই তারকা। স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন জাগে—একসঙ্গেই কি ফুটবলকে বিদায় জানাবেন এই দুই বন্ধু?
সম্প্রতি কাতালুনিয়া রেডিওর অনুষ্ঠান ‘তত কস্তা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের অবসর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তারা ফুটবল উপভোগ করছেন এবং দলের জয়ে ভূমিকা রাখতে পারছেন, ততক্ষণ বুটজোড়া তুলে রাখার কোনো পরিকল্পনা নেই। মেসির সঙ্গে একই সময়ে অবসর নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘এটি কঠিন, তবে দেখা যাক—আমরা যতদিন পারি চালিয়ে যাব। যতক্ষণ আমরা মজা পাচ্ছি, খেলাটা উপভোগ করছি এবং নিজেদের মধ্যে সেই প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা ও জেতার ক্ষুধা ধরে রাখতে পারছি, ততক্ষণ আমরা থামব না। তবে শুধু আমরাই নই; যাদের মাঝেই আরও কিছু অর্জনের এমন উচ্চাকাঙ্ক্ষা আছে, তারা থামবে না।’
বন্ধু মেসির খেলার প্রতি প্রবল আগ্রহের কথা উল্লেখ করে সুয়ারেজ মজার ছলে বলেন, ‘ওর (মেসি) মাঝে এখনো খেলার অফুরন্ত প্রাণশক্তি ও আগ্রহ এতটাই বেশি যে, ওকে একদিন বলেছি- আমি হয়তো আমার শেষ সীমায় পৌঁছে গেছি। আপাতত যতক্ষণ আমরা ভালো খেলছি এবং উপভোগ করছি, ততক্ষণ খেলা চালিয়ে যাব। ব্যক্তিগত পর্যায়ে আমরা ভালো অনুভব করছি; আমরা এখানে কেবল সময় কাটানোর জন্য আসিনি।’
বয়স ৩৯ পেরিয়ে গেলেও ইন্টার মায়ামির জার্সিতে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন সুয়ারেজ। ৩২ ম্যাচে করেছেন ১৭ গোল ও ৮টি অ্যাসিস্ট। এই বয়সেও শীর্ষ পর্যায়ে খেলার রহস্য জানিয়ে তিনি বলেন, ‘২০ বছর আগে আমরা যেভাবে অনুশীলন করতাম, এখনকার কাজের ধরন তেমন নেই। আজকাল ক্যারিয়ারকে আরেকটু দীর্ঘায়িত করার অনেক উপায় ও সরঞ্জাম রয়েছে—পুষ্টি, শারীরিক প্রস্তুতি ও রিকভারি সবকিছুতেই পরিবর্তন এসেছে।’
এদিকে কোচ কিলি গঞ্জালেজের অধীনে ইন্টার মায়ামি এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছে এমএলএস কাপ প্লে-অফের দিকে। ইন্টার মায়ামিতে নিজের ভবিষ্যৎ নিয়ে সুয়ারেজ জানান, ‘যতক্ষণ নিজেকে সামর্থ্যবান মনে করব এবং দলকে সাহায্য করতে পারব, ততক্ষণ থাকতে চাই। আমরা ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে কথা বলছি, কারণ আমি এখানে ভালো আছি এবং ক্লাবও আমার পারফরম্যান্সে খুশি।’





