বিশ্বকাপ থেকে প্রীতি ম্যাচ
বছরটা কেমন কাটল আর্জেন্টিনার?

কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় দিয়ে ২০২৬ সাল শেষ করেছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচের হতাশা কাটিয়ে কোস্টারিকা ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে বেশ সন্তুষ্ট কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিদায়ী বছরটির মূল্যায়ন এবং ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা এই কোচ আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
চলতি বছর দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে স্কালোনি বলেন, ‘আমাদের কিছু স্মরণীয় ম্যাচ মনে পড়বে, বিশেষ করে সেই মহাকাব্যিক বিশ্বকাপ ম্যাচগুলোর কথা। মিশর ও ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচের পর অনুভূতিগুলো ছিল অবিশ্বাস্য। প্রথম যে বিষয়টি মাথায় আসছে, তা হলো ভালো কাজ করার জন্য আমি তৃপ্ত এবং আমরা সবসময় (প্রধান প্রতিদ্বন্দ্বী) হওয়ার চেষ্টা করেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং সবসময় সত্যিকারের আর্জেন্টিনা হয়ে থাকার চেষ্টা করেছি।’ চলতি বছর বিশ্বকাপ ফাইনালে খেলার প্রসঙ্গ টেনে আর্জেন্টিনা কোচ আরও বলেন, ‘আমি মনে করি বছরটি ইতিবাচক ছিল। আমরা আমাদের দৃঢ়তা দেখিয়েছি এবং আরও একটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছি, তবে সবসময় তো আর জেতা যায় না। আমরা সন্তুষ্ট। আমরা এমন একটি ধারণা তৈরি করতে পেরেছি যে শিরোপা না জিতলেও কাজের স্বীকৃতি মেলে, এবং এটি দারুণ ব্যাপার।’
সমালোচনা প্রসঙ্গে স্কালোনি খুব একটা গুরুত্ব দিতে চাননি। তার ভাষায়, ‘আমি সমালোচনা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটি যৌক্তিক। গত আট বছর ধরে আমি এ নিয়ে কথা বলিনি, তাহলে এখন কেন শুরু বলব? আমি মনে করি মানুষ এবং সংবাদমাধ্যমের বিতর্ক করার অধিকার আছে।’ কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে দর্শকদের ভালোবাসায় অভিভূত স্কালোনি বলেন, ‘মানুষের অভ্যর্থনা দারুণ ছিল। কর্দোবা আমার খুব পছন্দের জায়গা। আমি প্রায়ই এখানে বাইক চালাতে আসি। সমর্থকেরা সবসময় পাশে থাকেন। তারা জাতীয় দলের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেননি। আমাদের লড়ে যেতে হবে যাতে তারা আমাদের ওপর আস্থা বজায় রাখেন, আর এই ভালোবাসাকে টিকিয়ে রাখার একমাত্র উপায় এটিই।’
তরুণ প্রজন্মের ফুটবলারদের প্রশংসা করে নিকো পাজের নাম বিশেষভাবে উল্লেখ করেন স্কালোনি। তিনি বলেন, ‘ছেলেরা সত্যিই খুব ভালো, তবে তারা সবসময় দলের ওপর নির্ভর করে। একা একজন খেলোয়াড় কখনোই উদ্ধারকর্তা হতে পারে না, আর সে কারণেই আমরা আজ এই অবস্থানে আছি। লিও (লিওনেল মেসি) এটি বুঝতে পেরেছিল, যা আমাদের জন্য এক পরিষ্কার উদাহরণ।’ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমাদের একটি বেশ শক্ত ভিত্তি রয়েছে। আগামী বছরের জন্য আমাদের খুব সতর্কতার সঙ্গে ভাবতে হবে আমরা কাদের বিপক্ষে খেলা শুরু করব। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে আগ্রহী। আমি এভাবেই চালিয়ে যেতে চাই—একটি মানদণ্ডসম্পন্ন দল হিসেবে, যাদের মুখোমুখি হওয়া কঠিন। এমন একটি দল যারা প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ও নিজেদের সামলাতে জানে। ফুটবলে এই পর্যায় ধরে রাখা বেশ কঠিন এবং আমাদের চ্যালেঞ্জ হলো একইভাবে পথচলা অব্যাহত রাখা।’






