ফুলহামের বর্ষসেরা একাডেমি ফুটবলার বাংলাদেশের ফারহান

সংগৃহীত ছবি
গত আগস্টে ফুলহাম থেকে ধারে বোরহাম উডে যোগ দিয়েছিলেন। ফুলহামে না থাকলেও এই মৌসুমে ক্লাব থেকে সুসংবাদ পেলেন বাংলাদেশের তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। এই মৌসুমে ফুলহাম একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ফুটবলারের খেতাব 'জনি হেইনস ট্রফি' জিতলেন ফারহান।
ফুলহামের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ঘোষণা দেওয়া হয়, ‘ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী।’ মোটসপুর পার্কে ফুলহামের অনুশীলন গ্রাউন্ড গিয়ে ফুলহাম সাপোটার্স ট্রাস্টের কাছ থেকে পুরস্কারটি নেন ফারহান।
ফুলহামের একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ও উদীয়মান ফুটবলারকে বর্ষসেরার এ পুরস্কার দেওয়া হয়। ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হয়।
ফুলহামের সর্বকালের সেরা খেলোয়াড় জনি হেইনেসের নামে এই ট্রফির প্রবর্তন করা হয়। একাডেমির বর্ষসেরা তরুণ খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়া হচ্ছে ২০১৯ সাল থেকে। ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের সদস্য পিটার গ্রিনহ্যাম এই ট্রফি চালুর ধারণা দেন।
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহানের। বাবা-মা বাংলাদেশি বংশোদ্ভূত, যদিও তাদের জন্মও যুক্তরাজ্যে। ফারহানের ফুটবলে হাতেখড়ি প্রথম চেলসির একাডেমিতে। কিন্তু ২০১৯ সাল থেকে ছিলেন ফুলহামে।
গত মৌসুমে পেশাদার হিসেবে নিজের প্রথম বছরে প্রিমিয়ার লিগ টুতে (অনূর্ধ্ব–২১ পর্যায়) ২১ ম্যাচে ১৭টি গোল অবদান রেখে ফুলহামের চতুর্থ হওয়ায় বড় অবদান রাখেন ফারহান। গত নভেম্বরে হন এই লিগের মাসসেরা খেলোয়াড়। মৌসুমে সেরা খেলোয়াড়ের মনোনয়নও পান ১৯ বছর বয়সী ফারহান।
জনি হেইনেস ট্রফি জয় নিয়ে ফারহান জানিয়েছেন, ‘এ পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন।'



