এমবাপ্পের সমালোচনাকে ‘হাস্যকর’ বললেন মরিনহো

সংগৃহীত ছবি
চোটে পড়ে মাঠের বাইরে থাকাকালে নাইটক্লাবে যাওয়া ও সুইজারল্যান্ডে ছুটি কাটানো নিয়ে কিলিয়ান এমবাপ্পের সমালোচনা হচ্ছে। তবে ফরাসি তারকার পাশে দাঁড়িয়ে এসব সমালোচনাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। একই সঙ্গে সমালোচনার জবাব দিতে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে এমবাপ্পেকে শুরুর একাদশে রাখার কথা জানিয়েছেন তিনি।
গত ২৬ সেপ্টেম্বর ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় প্রথম ম্যাচেই চোটে পড়েন এমবাপ্পে। এরপর প্যারিসের একটি নাইটক্লাবে তাকে দেখা যায়। চোট থেকে সেরে ওঠার সময় সুইজারল্যান্ডেও ছুটি কাটান এই ফরোয়ার্ড। সেখানে সাইকেল চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। অথচ এর আগে চোটের সময় খেলোয়াড়দের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেছিলেন মরিনহো।
গত মৌসুমের শেষদিকেও চোটে পড়ে দলের শিরোপার লড়াইয়ের সময় ইয়টে সময় কাটাতে দেখা গিয়েছিল এমবাপ্পেকে। এবারও একই ধরনের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
শুক্রবার সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে নিয়ে সমালোচনা উড়িয়ে দিয়েছেন মরিনহো, ‘এটা হাস্যকর। গত কয়েক সপ্তাহে ফুটবল বিশ্বে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। ভেবেছিলাম সেগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। কিন্তু মনে হচ্ছে তা যথেষ্ট নয়।’
এরপর ম্যানচেস্টার সিটির একটি মামলা, বার্সেলোনার সাবেক কর্মকর্তা হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরাকে ঘিরে পুরোনো বিতর্ক এবং ক্রিস্তিয়ানো রোনালদো ও তার কোচের সঙ্গে পর্তুগালের সাম্প্রতিক পরিস্থিতির উদাহরণ টানেন মরিনহো। তার মতে, এসব গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে সংবাদমাধ্যম এমবাপ্পের ব্যক্তিগত কর্মকাণ্ডকে বেশি গুরুত্ব দিচ্ছে।
এমবাপ্পের পেশাদারিত্ব নিয়ে ওঠা প্রশ্নের জবাবে রিয়াল কোচ বলেন, চোট পাওয়া খেলোয়াড়েরা নিয়ম মেনেই চিকিৎসা ও পুনর্বাসনপ্রক্রিয়া অনুসরণ করছেন, ‘এই সময়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা পেশাদারিত্বের দারুণ উদাহরণ রেখেছে। যারা চোটে পড়েছে তারা সরাসরি ভালদেবেবাসে এসেছে, রোগ নির্ণয় করিয়েছে এবং পুনর্বাসনের পরিকল্পনা পেয়েছে।’
এমবাপ্পের হাঁটুর পুরোনো সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্লাবের চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর বাইরের একজন বিশেষজ্ঞের সঙ্গেও যোগাযোগ করেছিলেন এই ফরোয়ার্ড।
এমবাপ্পের ছুটি কাটানোর বিষয়টিও ব্যাখ্যা করেছেন রিয়াল কোচ, ‘প্যারিসে যে জায়গায় এমবাপ্পেকে দেখা গেছে সেটি মূলত একটি ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য সাজানো স্থান ছিল। আর সুইজারল্যান্ডে তিনি এমন একটি হোটেলে ছিলেন যেখানে রেস্তোরাঁ ও স্পায় যাওয়ার জন্য সাইকেলের ব্যবস্থা ছিল। সেখানে পরিবেশও ছিল শান্ত।‘
এমবাপ্পেকে নিয়ে মরিনহোর সিদ্ধান্তও পরিষ্কার, ‘আগামীকাল এমবাপ্পে খেলবে। সে বেঞ্চে থাকবে না। আর সে খেলবে, কারণ আমি নিশ্চিত সে রিয়াল মাদ্রিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি কিংবা নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়নি।’



