বুন্দেসলিগার প্রথম দিনই মাঠে নামছে বায়ার্ন

সংগৃহীত ছবি
ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। গত ১৪ মৌসুমের ১৩ বারই শিরোপা উঠেছে বায়ার্নের ঘরে। দুর্দান্ত স্কোয়াড ও ফর্ম, দুই নিয়ে এবারও বুন্দেসলিগা জয়ের ফেভারিট বাভারিয়ানরা।
বায়ার্ন স্কোয়াডের সবচেয়ে বড় শক্তি আক্রমণভাগের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। আছেন জার্মানির জামাল মুসিয়ালা, ইসমাইল সাইবারি, লুইস দিয়াজ, মাইকেল ওলিসেরাও। রক্ষণভাগে যোগ হয়েছেন ন্যাথানিয়েল ব্রাউনও।
যদিও দলের অন্যতম বড় তারকা মুসিয়ালাকে নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে বায়ার্ন। স্নায়ু জটিলতায় বেশ কয়েকবার মাঠেই লুটিয়ে পড়েছেন এই তরুণ তারকা। লিগে তাকে নিয়মিত পাবে কি না বাভারিয়ানরা, সেটি এখন বড় শঙ্কা।
বায়ার্নের এমন শক্তিশালী স্কোয়াড দেখে বুন্দেসলিগায় অন্য কোনো দলের সম্ভাবনা দেখছেন না বায়ার্ন ও জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউস। নিজের কলামে তিনি লিখেছেন, ‘গত বছর আমি বলেছিলাম, বায়ার্ন অন্তত ১৫ পয়েন্টের ব্যবধানে লিগ জিতবে, আর শেষ পর্যন্ত ব্যবধান দাঁড়ায় ১৬ পয়েন্টে। এই মৌসুমেও মিউনিখের দলটি নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অন্তত ১০ পয়েন্টে এগিয়ে থেকে লিগ শেষ করবে।’
বায়ার্নের শিরোপা জেতার পথে সবচেয়ে বড় বাধা হতে পারে বরুশিয়া ডর্টমুন্ড। ১৮ বছর বয়সী স্ট্রাইকার কনস্টান্টিনোস কারেতসাস এবং ২৩ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ইয়ানিস কনস্টান্টেলিয়াসকে দলে ভিড়িয়েছে তারা। এ দুই তরুণের ওপরই ভরসা রাখছে ক্লাবটি। লড়াই করতে পারে আরবি লাইপজিগ, ভিএফবি স্টুটগার্টও।
দ্বিতীয় বিভাগ থেকে এবার বুন্দেসলিগায় ফিরছে ঐতিহ্যবাহী ক্লাব শালকে ০৪। এডিন জেকোর নেতৃত্বে ‘দ্য রয়াল ব্লুজ’ এবার নিজেদের সোনালি সময় ফিরে পেতে মরিয়া।







