ব্যালন ডি’অর
আগেই ফল ফাঁসের আশঙ্কা, তদন্তে ফ্রান্স ফুটবল

সংগৃহীত ছবি
ব্যালন ডি’অরের এবারের সেরা পাঁচের সঠিক ক্রম অনুমান করে প্রায় ২ লাখ ডলার জিতেছে কয়েকটি সন্দেহজনক বেটিং অ্যাকাউন্ট। ঘটনাটি তদন্ত করছে পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল। এ ঘটনায় পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে তারা।
ফরাসি সংবাদমাধ্যম আপসাইডের অনুসন্ধান অনুযায়ী, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক ভবিষ্যদ্বাণীর প্ল্যাটফর্ম পলিমার্কেটে ১২টি অ্যাকাউন্ট থেকে এসব বাজি ধরা হয়েছিল। সোমবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে এসব বাজিতে মোট ২ লাখ ৬৪ হাজার ডলারের বেশি অর্থ লাগানো হয়। সবচেয়ে অবাক করার বিষয়, অ্যাকাউন্টগুলো থেকে করা ভবিষ্যদ্বাণীর সঙ্গে ব্যালন ডি’অরের চূড়ান্ত ফল হুবহু মিলে গেছে।
এবারের পুরস্কার জিতেছেন হ্যারি কেইন। দ্বিতীয় হয়েছেন কিলিয়ান এমবাপ্পে, তৃতীয় লামিন ইয়ামাল, চতুর্থ রোদ্রি এবং পঞ্চম লিওনেল মেসি। সন্দেহজনক অ্যাকাউন্টগুলোও এই একই ক্রমে ফলাফল অনুমান করেছিল। ফলে পুরস্কার ঘোষণার আগেই গোপন ফলাফল ফাঁস হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আপসাইডের সহপ্রতিষ্ঠাতা রাফায়েল পাউতার্দ জানিয়েছেন, তাদের দল ১ থেকে ২০ অক্টোবরের মধ্যে খোলা ১২টি অ্যাকাউন্ট শনাক্ত করেছে। অ্যাকাউন্টগুলোর কার্যক্রমেও মিল পাওয়া গেছে। সাতটি অ্যাকাউন্ট থেকে অন্য কোনো বেটিং মার্কেটে বাজি ধরা হয়নি। আবার ছয়টি অ্যাকাউন্ট খোলার মাত্র ১৫ মিনিটের মধ্যে প্রথম বাজি ধরে। এসব কারণে অ্যাকাউন্টগুলোর পেছনে একই ব্যক্তি বা গোষ্ঠী থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
অনুসন্ধানকারীরা একটি লেনদেনের সূত্র ধরে ফ্রান্সের একটি প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছেছেন। সংশ্লিষ্ট ব্লকচেইন লেনদেন ও ডিজিটাল ওয়ালেটের ঠিকানা পাঠানোর পর প্ল্যাটফর্মটি সন্দেহজনক বাজির অর্থ জোগানো একটি অ্যাকাউন্টের মালিককে শনাক্ত করতে পেরেছে বলে দাবি করেছে আপসাইড। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
আপসাইডের অনুসন্ধানের ফলাফল ফ্রান্স ফুটবলের কাছে পাঠানো হয়েছে। ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অরের আয়োজন করে আসছে আমাউরি গ্রুপের মালিকানাধীন এই সাময়িকী। শুক্রবার বিকেলে তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। ফরাসি পুলিশকেও বিষয়টি জানানোর কথা রয়েছে।
অনুষ্ঠানের আগে ফ্রান্স ফুটবল জানিয়েছিল, বিজয়ীর নাম আগে থেকে জানতেন এমন মানুষের সংখ্যা খুবই কম। ফলে এত নিখুঁত ভবিষ্যদ্বাণী এবং বড় অঙ্কের বাজি ঘিরে পুরস্কারের ফল আগেই ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।



