জামাল ভূঁইয়া
মেসি নয়, ফারহান নিজের নামেই পরিচিত হোক

ছবি: আগামীর সময়
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল গোল উৎসবে মেতেছিল বাংলাদেশ। ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচের ৫৩ মিনিটে করা ফারহান আলি ওয়াহিদের গোল নিয়ে চলছে তুমুল আলোচনা। অনেকেই ফারহানের ড্রিবলিংকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করছেন। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, অন্যের সঙ্গে তুলনা না করে ১৯ বছর বয়সী ফারহান পরিচিত হোক নিজের পরিচয়ে।
আজ বৃহস্পতিবার সকালে কিংস অ্যারেনায় অনুশীলনের আগে জামাল ভূঁইয়ার কাছে প্রশ্ন যায়— ফারহানের গোলটি লিওনেল মেসির মতো কি না। জবাবে জামাল বলেন, ‘আপনারা বলছেন— নেইমার, মেসি, লামিনে ইয়ামাল। আসলে আমি বলতে চাই— সে ফারহান। তাকে তার নিজের প্রোফাইল বড় করতে হবে। অন্য প্লেয়ারের সঙ্গে তুলনা করা যাবে না। সমর্থকরা বলতেই পারে— আমার মেসি, আমার ইয়ামাল; কিন্তু আমি চাই ফারহান নিজের নামে পরিচিত হোক। সবাই বলুক— এটা ফারহান আলীর গোল। অন্য কারও মতো নয়।’
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা বাংলাদেশের প্রতিপক্ষ এবার পাকিস্তান। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান যে খুব শক্তিশালী নয়, পরিসংখ্যানই তার প্রমাণ। দুই দলের ১৭ বারের দেখায় বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের ৫টি। বাকি ৫ ম্যাচ ড্র। বাংলাদেশ ২০০৩ সালে একবার সাফ জিতলেও পাকিস্তান কখনই শিরোপার স্বাদ পায়নি।
এরপরও বাংলাদেশের অধিনায়ক শ্রীলঙ্কা বধের আনন্দে ভেসে যেতে চান না। বরং পাকিস্তানকে তিনি কঠিন প্রতিপক্ষ মনে করেন, ‘আমার মনে হয়, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকে। (শ্রীলঙ্কার বিপক্ষে) আমরা চারটি গোল করেছি, এটা অবশ্যই ভালো দিক। পাশাপাশি আবারও গোল হজম না করে ম্যাচ শেষ করেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। তবে সবাইকে ফিট থাকতে হবে। গতকাল ম্যাচ খেলেছি, আবার দুই দিন পরই আরেকটি ম্যাচ। তাই পুরো দলকে প্রস্তুত রাখা জরুরি।’




