সাফে হামজাদের খেলার টিকিটের মূল্য নির্ধারণ

সংগৃহীত ছবি
ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর টিকিট মূল্য চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা, সর্বোচ্চ ১০ হাজার টাকা। জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। এক টিকিট দিয়ে দুই ম্যাচই দেখতে পারবেন ফুটবল ভক্তরা। ২৯ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয় সভা করেছেন সাফের কর্মকর্তারা। সভায় মাঠের কন্ডিশন, নিরাপত্তাব্যবস্থা, টিকিট ব্যবস্থাপনা এবং দর্শকদের প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টাল বলেন, ‘দর্শকদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই বৈঠকের মূল লক্ষ্য। মাঠের কন্ডিশন থেকে শুরু করে ইনার গেট, আউটার গেট ও ভিআইপি গেটের ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে।
সাফে এবার গ্যালারির টিকিটের দাম এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ ১০ হাজার টাকা দিয়ে করপোরেট বক্সের টিকিট কেনা যাবে। টিকিটের দাম নিয়ে ভক্তদের মাঝে কিছুটা অসন্তোষ থাকলেও সাফের পক্ষ থেকে পূর্ণ গ্যালারির প্রত্যাশা করা হচ্ছে।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, টিকিটের মূল্য নির্ধারণের বিষয়টি সাফের সিদ্ধান্ত, ‘দুটি ম্যাচের জন্য টিকিটের মূল্য এক হাজার টাকা। দর্শকদের জন্য এটি কিছুটা চাপের হতে পারে। তবে টিকিটের বিষয়টি সাফের ওপর নির্ভর করছে। এবার সাফই টুর্নামেন্টটি নিয়ন্ত্রণ করছে, আমরা বাফুফে থেকে সহযোগিতা করছি।’
সাফের এবারের আসরে ভারতের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন আছে। গুঞ্জন আছে, দ্বিতীয় সারির দল ঢাকায় পাঠাবে ৯ বারের শিরোপাজয়ীরা। কারণ একই সময় তাদের মূল দলের নিউজিল্যান্ড সফরে দুটি ম্যাচ খেলার কথা।
সাফের দাবি, যে দলই আসুক, সেটা এক নম্বর দল বিবেচনা করা হবে। সাফ সাধারণ সম্পদক জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ভারত বাংলাদেশে আসবে। যেহেতু এটি টায়ার ওয়ান প্রতিযোগিতা, তাই ভারত যে দলই পাঠাক, সেটিকে তাদের প্রথম দল হিসেবেই বিবেচনা করবে সাফ।
সাফ এই টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার কোনো রেফারি রাখছে না। সব ম্যাচেই নিরপেক্ষতা নিশ্চিতে দক্ষিণ এশিয়ার বাইরের রেফারিদের দিয়ে ম্যাচগুলো পরিচালনা করানোর পরিকল্পনা তাদের। একই সঙ্গে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর প্রযুক্তি ব্যবহারের চেষ্টার কথা জানিয়েছে সাফ।



