রিয়াল মাদ্রিদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাফায়েল নাদাল!

সংগৃহীত ছবি
টেনিস কোর্টের কিংবদন্তি এবার নতুন ভূমিকায় আসতে চলেছেন। রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার খুব কাছাকাছি স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। আগামী ২১ নভেম্বর ক্লাবের সাধারণ সভায় তার নিয়োগের প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে। সবকিছু ঠিক থাকলে এরপরই পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব নেবেন ২২টি গ্র্যান্ড স্লামজয়ী এ কিংবদন্তি।
নাদালের নিয়োগ চূড়ান্ত করতে বিশেষ সাধারণ সভার আয়োজন করবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ক্লাবের গঠনতন্ত্রের ৪৬ নম্বর ধারা অনুযায়ী রাফায়েল নাদালকে পরিচালনা পর্ষদের সদস্য করার প্রস্তাব অনুমোদনের জন্য সভায় তোলা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, পরিচালনা পর্ষদের সব সদস্যের সর্বসম্মতিক্রমে নাদালকে নিয়োগের প্রস্তাবটি সাধারণ সভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
চলতি মাসের ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের সাধারণ সভা। সভায় সভাপতির প্রতিবেদন, ২০২৫-২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব, বার্ষিক প্রতিবেদন ও আর্থিক বিবরণী অনুমোদনের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ও কার্যক্রম পরিকল্পনা এবং ২০২৭-২৮ মৌসুমের সদস্য ফিও নির্ধারণ করা হবে।
তবে সাধারণ সভার পরপরই অনুষ্ঠিত বিশেষ সভার মূল আলোচ্য বিষয় নাদালের নিয়োগ। রিয়াল মাদ্রিদ তাকে ক্রীড়াজগতের অন্যতম সেরা কিংবদন্তি মনে করে। শুধু অর্জন নয়, ব্যক্তিত্ব ও চরিত্রের কারণেও ক্লাবটির কাছে তিনি অনুকরণীয়।
এদিকে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন নাদাল। প্রস্তাবটি গ্রহণ করার কথাও নিশ্চিত করেছেন তিনি, ‘রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়ায় সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও পরিচালনা পর্ষদের সদস্যদের ধন্যবাদ জানাতে চাই। অত্যন্ত আনন্দের সঙ্গে এ প্রস্তাব গ্রহণ করেছি। নতুন কিছু শেখার এবং ক্লাবের জন্য যতটা সম্ভব অবদান রাখার অপেক্ষায় আছি।’



