আলভারেসের জন্য শাস্তি পেল বার্সেলোনা

আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের সঙ্গে নিয়বহির্ভূতভাবে যোগাযোগের অভিযোগে বার্সেলোনাকে নামমাত্র জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। লা লিগার ক্লাবটির করা আনুষ্ঠানিক অভিযোগের সত্যতা পেয়ে কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ হাজার টাকা বা ৫১০ ব্রিটিশ পাউন্ড) জরিমানা করা হয়েছে।
আতলেতিকো মাদ্রিদের অভিযোগ ছিল, লিখিতভাবে কোনো পূর্বানুমতি না নিয়েই বার্সেলোনা সরাসরি আর্জেন্টাইন তারকা আলভারেসের সঙ্গে যোগাযোগ করেছিল। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে আতলেতিকোর বর্তমান চুক্তি রয়েছে ২০৩০ সালের জুন পর্যন্ত। স্প্যানিশ ফেডারেশন জরিমানা করলেও ফিফার কাছে অভিযোগ করেছিল আতলেতিকো। তবে ফিফা জানায় যে, এ বিষয়ে তাদের কোনো এক্তিয়ার নেই। বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় চলতি মৌসুমে আতলেতিকো সমর্থকদের কাছ থেকে বেশ কয়েকবার দুয়ো শুনতে হয়েছে আলভারেসকে। তবে গত শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচে জয়সূচক গোল করার পর সমর্থকেরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। ম্যাচ শেষে সমর্থকদের ক্ষোভ নিয়ে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এই ফরোয়ার্ড।
বার্সেলোনায় খেলার ‘স্বপ্ন পূরণ’ বিষয়ে একটি সাক্ষাৎকার প্রসঙ্গে আলভারেস বলেন, ‘সেটি আমার একটি ভুল ছিল। সমর্থকরা কেন আমার ওপর রেগে আছে, তা আমি বুঝতে পারি। আমি নিজে সমর্থক হলে আমিও নিশ্চয়ই রাগ করতাম। বিশেষ করে আমি ক্লাবে যোগ দেওয়ার পর থেকে তারা যেভাবে আমাকে সমর্থন দিয়ে আসছে, তার পর এমন মন্তব্য করা উচিত হয়নি।’
২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৮ কোটি ১৫ লাখ পাউন্ডের চুক্তিতে ছয় বছরের জন্য আতলেতিকো মাদ্রিদে নাম লেখান আলভারেস। ম্যানচেস্টার সিটির হয়ে ১০৩ ম্যাচে ৩৬ গোল করার পর, আতলেতিকোর জার্সিতে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে ৫১টি গোল করেছেন এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।




