চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর রেকর্ড ভাঙলেন গর্ডন

সংগৃহীত ছবি
বার্সেলোনায় যোগ দেওয়ার পর নিজের দামটা ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছেন অ্যান্থনি গর্ডন। চ্যাম্পিয়ন্স লিগে এবার গড়েছেন নতুন ইতিহাস। আজারবাইজানের বাকুতে সাবাহর বিপক্ষে জোড়া গোল করে ক্রিস্তিয়ানো রোনালদোর দীর্ঘদিনের একটি রেকর্ড ভেঙেছেন ইংলিশ এই ফরোয়ার্ড।
বাকু অলিম্পিক স্টেডিয়ামে সাবাহকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন গর্ডন। জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
গত মে মাসে ৬ কোটি ৯০ লাখ পাউন্ডে নিউক্যাসল থেকে বার্সেলোনায় যোগ দেন গর্ডন। শুরুতে তার দলবদল নিয়ে কিছুটা সংশয় থাকলেও মাঠের পারফরম্যান্সে দ্রুতই সমালোচনার জবাব দিচ্ছেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত পাঁচ গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন এই ইংলিশ তারকা।
সাবাহর বিপক্ষে দুইবার জালের দেখা পেয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক পঞ্জিকাবর্ষে কোনো একটি দেশে ছয়টি অ্যাওয়ে গোল করার কীর্তি গড়েন গর্ডন। এক বছরে আজারবাইজানের মাটিতে তার গোলসংখ্যা এখন ছয়। এর আগে এই রেকর্ড ছিল পাঁচ গোলের। ২০১৩ সালে তুরস্কে পাঁচ গোল করেছিলেন রোনালদো। ২০২২ সালে ইংল্যান্ডে একই কীর্তি গড়েছিলেন করিম বেনজেমা।
এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে কোনো একটি দেশে সর্বোচ্চ অ্যাওয়ে গোল করা ইংলিশ ফুটবলারও এখন গর্ডন। গত মৌসুমে নিউক্যাসলের হয়ে কারাবাগের বিপক্ষে আজারবাইজানে চার গোল করেছিলেন তিনি। সাবাহর বিপক্ষে দুই গোল করে সেই সংখ্যা ছয়-এ নিয়ে গেছেন।
ম্যাচ শেষে নিজের দলের আক্রমণাত্মক মানসিকতার কথা তুলে ধরেন গর্ডন, ‘আমরা যখন ৩-০ গোলে এগিয়ে ছিলাম, তখনো আক্রমণ বন্ধ করিনি। গোল করার চেষ্টা চালিয়ে গেছি। এটাই আমাদের খেলার ধরন এবং এটি খুব গুরুত্বপূর্ণ।’
ম্যাচসেরা হলেও নিজের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন গর্ডন। হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করায় কিছুটা হতাশ তিনি, ‘বাকু আমার জন্য বিশেষ একটি জায়গা হতে যাচ্ছে। আজ আরেকটি হ্যাটট্রিক করা উচিত ছিল। কিন্তু বাঁ পায়ের সুযোগটি কাজে লাগাতে পারিনি।’
সাবাহর বিপক্ষে জয়ের পর এবার ঘরোয়া লিগে দেপোর্তিভোর মাঠে খেলতে যাবে বার্সেলোনা। এরপর আগামী ৯ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। ইউরোপীয় মঞ্চে দুর্দান্ত ছন্দে থাকা গর্ডনের দিকে সেই ম্যাচেও থাকবে বাড়তি নজর।



