আতলেতিকো ছাড়ার নতুন পথ খুঁজছেন আলভারেস

সংগৃহীত ছবি
আতলেতিকো মাদ্রিদে কঠিন সময় পার করছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এবার নতুন কৌশলে দল ছাড়ার পথ খুঁজছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, এজেন্ট ফার্নান্দো ইদালগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন আলভারেস। তার প্রতিনিধিত্বের দায়িত্ব নিতে হাভিয়ের পাস্তোরের সঙ্গে চুক্তির বিষয়েও আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। নতুন এজেন্টের মাধ্যমে আতলেতিকোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়তে চান আর্জেন্টাইন তারকা। আগামী জানুয়ারির শীতকালীন দলবদলে কিংবা আগামী জুলাইয়ে হতে পারে সেই বিদায়।
আলভারেসের এজেন্ট ইদালগোর সঙ্গে আতলেতিকো কর্তৃপক্ষের সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েছিল। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিন অভিযোগ করেছিলেন, আলভারেসকে অত্যন্ত বাজে পরামর্শ দেওয়া হচ্ছে এবং তাকে বিভ্রান্ত করা হয়েছে।
প্রকাশ্যে ক্লাব ছাড়ার ইচ্ছা জানানোর পর থেকেই আলভারেসকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকে। মাদ্রিদে থেকে খেলা চালিয়ে যাওয়ার মতো মানসিক অবস্থায়ও তিনি নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বিরতি তাই তার জন্য স্বস্তির উপলক্ষ হয়ে এসেছে। ক্লাবের বাইরের পরিবেশে সময় কাটিয়ে মানসিকভাবে স্বস্তি ফিরে পাওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
নতুন এজেন্টের দায়িত্ব হবে সব পক্ষের সম্মতিতে আলভারেসের বিদায়ের শর্ত চূড়ান্ত করা এবং আগের মতো জটিলতা এড়ানো। আতলেতিকোর জন্যও দ্রুত সমাধানে পৌঁছানো লাভজনক হতে পারে। কারণ আলভারেসের বাজারমূল্য কমছে। গত গ্রীষ্মের দলবদলে তাকে নিয়ে ১২ কোটি ইউরোর বেশি অঙ্কের আলোচনা হলেও এখন আর সেই মূল্য নিয়ে তেমন আলোচনা হচ্ছে না।
আলভারেসের ভবিষ্যৎ গন্তব্য হিসেবে বার্সেলোনার নাম আবারও আলোচনায় রয়েছে। এখন পর্যন্ত তাকে দলে নেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি কাতালান ক্লাবটি। পরিস্থিতি কোন দিকে যায় সেটিই আপাতত পর্যবেক্ষণ করছে তারা।
প্রতিনিধি বদলের বিষয়টি বার্সেলোনাকে জানানো হয়েছে। তবে এ নিয়ে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। ক্লাবটির ক্রীড়া পরিচালক দেকো জানিয়েছিলেন, আলভারেসকে নিয়ে তাদের আগের পরিকল্পনা আর এগোচ্ছে না। তবে ভবিষ্যতে তাকে দলে নেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বার্সেলোনা কোচ হানসি ফ্লিকের কাছে আলভারেসের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
আলভারেসেরও পছন্দ বার্সেলোনা। কাতালান ক্লাবটিই তার প্রথম পছন্দ ছিল, এখনো তাই আছে। ফলে তাকে বিক্রি করাই সবার জন্য ভালো সিদ্ধান্ত—এমন সমঝোতায় পৌঁছানোই হবে নতুন এজেন্টের অন্যতম চ্যালেঞ্জ।
তবে আপাতত এ নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বার্সেলোনা। রাফিনিয়াকে মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি গ্যাব্রিয়েল জেসুসকে এই পজিশনে শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতের জন্য হামজা আবদেলকরিমকে ঘিরেও প্রত্যাশা রয়েছে। ফলে এই মুহূর্তে আক্রমণভাগের কেন্দ্রীয় পজিশন নিয়ে স্বস্তিতে আছে ক্লাবটি। তবু আলভারেসকে দলে নেওয়ার সুযোগ তৈরি হলে বিষয়টি নতুন করে বিবেচনা করতে পারে তারা।
আলভারেসকে দলে নিতে আগ্রহী আরেক ক্লাব আর্সেনাল। তাকে পেতে খেলোয়াড় অদলবদলের প্রস্তাব দিতেও রাজি তারা। সেক্ষেত্রে ভিক্টর ইয়োকেরেসকে আতলেতিকো মাদ্রিদে পাঠানোর বিষয়টি আলোচনায় আসতে পারে। আর্সেনালের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ইয়োকেরেসের জায়গা নেই বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।



