জিদানের দলে নতুন ৫ মুখ

সংগৃহীত ছবি
বিশ্বকাপের পর ফ্রান্সকে বিদায় বলেছিলেন দিদিয়ের দেশম। দেশমের জায়গায় জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। উয়েফা নেশনস লিগের জন্য প্রথমবার ২৩ সদস্যের দল ঘোষণা করলেন ফ্রান্স কোচ। জিদানের এই স্কোয়াডে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ৫ তরুণ ফুটবলার।
জিদানের ঘোষিত স্কোয়াডে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার ডাক পেলেন রেনের স্ট্রাইকার এস্তেবান লেপল, লিভারপুলের সেন্টারব্যাক জেরেমি জ্যাক, কোমোর মিডফিল্ডার লুকাস কুনহা, ইন্টার মিলানের অ্যান্ডি ডিওফ এবং তালাউসের গোলকিপার গুইলোমে রেস্টেস। নেশনস লিগ দিয়ে তাদের জাতীয় দলে অভিষেক হতে পারে।
জিদানের ঘোষিত দলে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলাসহ নিয়মিতদের প্রায় সবাই দলে আছেন। তবে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনির জায়গা হয়নি। বিশ্বকাপ স্কোয়াডে না থাকা এদুয়ার্দো কামাভিঙ্গাকে অবশ্য দলে ফিরিয়েছেন তিনি।
স্কোয়াড ঘোষণায় পাঁচ নতুন ফুটবলারকে নিয়ে জিদান বলেন, ‘এরা এমন সব খেলোয়াড় যারা এখানে থাকার যোগ্য এবং তাদের আমি দেখতে চাই। সবাইকেই কাজে লাগানো হবে। খেলাটাই আমাকে অনুপ্রাণিত করে। আমি এই খেলোয়াড় ও দলটিকে ভালো খেলতে দেখতে চাই।’
আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্ক, ২৮ সেপ্টেম্বর বেলজিয়াম, ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর দ্বিতীয়বার বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স।



