পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

সংগৃহীত ছবি
ঘোষণার আশ্বস্ত হলেও প্রতীক্ষার প্রহর গুনছিলেন সরকারি চাকরিজীবীরা; সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন এখন প্রকাশের জন্য প্রস্তুত।
আজ শনিবার সরকারি কর্মচারীদের নবম বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হবে বলে সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র আগামীর সময়কে নিশ্চিত করেছে।
শুক্রবার রাতে ওই সূত্র জানিয়েছে, বিজি প্রেসে এখন প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে। আগামীকাল (শনিবার) দুপুরের পর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়িয়ে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে স্কেল বা বেতন কাঠামো অনুমোদন করেছিল। তখন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা বললেও প্রায় তিন সপ্তাহ পর সেই প্রজ্ঞাপন প্রকাশ হতে যাচ্ছে।
এর আগে গত সোমবার নতুন কাঠামোর খসড়ার আংশিক অংশ অর্থ বিভাগ থেকে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর বাকি অংশও পাঠানো হয় মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পরই গেজেট প্রকাশ হচ্ছে।
সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ ২০১৫ সালে অষ্টম বেতন কাঠামো কার্যকর হয়েছিল। এরপর প্রায় ১২ বছর ধরে কোনো বেতন কাঠামো হয়নি। ফলে তাদের দাবি ছিল নতুন বেতন কাঠামোর। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপনে দেরি দেখে তাদের মধ্যে উদ্বেগ ছিল।
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ১৪২ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
নতুন বেতন কাঠামোতে আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। বিভিন্ন গ্রেডে বেতন বেড়েছে ১০০ থেকে ১৪২ শতাংশ। তবে নিচের গ্রেডগুলোতে বেতন বেশি বেড়েছে।
২০টি গ্রেডের মধ্যে প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। অন্যদিকে ১২তম গ্রেডে ১১৫ শতাংশ, ১৩তম গ্রেডে ১১৮ শতাংশ, ১৪তম গ্রেডে ১৩০ শতাংশ, ১৫তম গ্রেডে ১৩৫ শতাংশ, ১৬তম গ্রেডে ১৩৫ শতাংশ, ১৭তম গ্রেডে ১৩৮ শতাংশ, ১৮তম গ্রেডে ১৩৯ শতাংশ, ১৯তম গ্রেডে ১৪১ শতাংশ এবং ২০তম গ্রেডে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন বেতন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে।
মন্ত্রিসভায় অনুমোদনের পর মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, জাতীয় বেতন স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে।
২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
১ জুলাই, ২০২৬ থেকে ১ জুলাই, ২০২৭-এর মধ্যে মূল বেতন মোট তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। আর বিভিন্ন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে একযোগে কার্যকর হবে। পেনশনভোগীদের নিট পেনশনও একইভাবে ধাপে ধাপে বাড়ানো হবে।
প্রায় ২৪ লাখ সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধির ফলে সরকারের বছরে অতিরিক্ত ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে। এজন্য অর্থবছরের বাজেটে আলাদা অর্থ সংস্থান রাখা হবে বলে সরকার জানিয়েছে।







