রবিনহোর কাছে হারল ফর্টিস

ছবি: আগামীর সময়
বাংলাদেশ ফুটবল লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে তারা ফর্টিস এফসিকে হারিয়েছে রবসন রবিনহো’র দারুন নৈপুন্যে। ফর্টিস অবশ্য ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেও পারেনি, হেরেছে ২-১ ব্যবধানে। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা।
পঞ্চম ম্যাচে এটি বসুন্ধরার চতুর্থ জয়। এক ড্রয়ে ১৩ পয়েন্ট তাদের। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনীকে দিনের অপর ম্যাচে হারানো পুলিশ এফসি। ফর্টিস সাত পয়েন্ট নিয়ে এখন ষষ্ঠস্থানে, তারা অবশ্য খেলেছে চার ম্যাচ।
ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা। বক্সের ভেতর রবিনহোকে ফেলে দিয়ে পেনাল্টি উপহার দেন ফর্টিসের তরুণ ডিফেন্ডার মিঠু চৌধুরী। স্পটকিক থেকে বসুন্ধরাকে এগিয়ে নেন রবিনহো নিজেই। বিরতি থেকে ফিরে অসাধারণ ফ্রি-কিকে ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বক্সের ঠিক বাইরে থেকে রবিনহোর ফ্রি-কিক ফর্টিস কিপার সুজন পেরেরাকে পরাস্ত করে পোস্টে চুমু খেয়ে জালে জড়ায়।
ম্যাচের ৭২ মিনিটে পা ওমর বাবুর নেওয়া কর্নারকে গোলে পরিণত করে পেনাল্টি উপহারের প্রায়শ্চিত্ত করেছিলেন মিঠু। বাকি সময়ে ফর্টিস জোড় চেষ্টা করেন। ৭৭ মিনিটে বদলী হিসেবে নেমেছিলেন ফর্টিস ছাড়ার ঘোষণা দেওয়া শুকি ইতোফুসা। তবে কোনোভাবেই ম্যাচে ফেরা হয়নি তাদের। রবিনহো’র জোড়ায় নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য।



