ভারতে ব্রাজিল
ভিনিদের জন্য চাটার্ড ফ্লাইট, রাজকীয় অভ্যর্থনা

ভারতের বিপক্ষে ঐতিহাসিক প্রীতি ম্যাচ খেলতে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কলকাতায় পা রাখতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার কলকাতার ঐতিহাসিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই হাই-ভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে ভারতীয় ফুটবল অঙ্গনে বইছে উত্তেজনার হাওয়া।
আসন্ন ম্যাচটি সামনে রেখে ব্রাজিলের ফুটবল দলের জন্য একটি বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আগামী ১ অক্টোবর ভারতে পৌঁছানোর কথা রয়েছে সেলেসাওদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া হয়ে সোজা ভারতে আসবে ফিফা র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা দলটি।
এআইএফএফ ও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মধ্যকার চুক্তি অনুযায়ী, প্রায় ৯০ সদস্যের ব্রাজিল দলের জন্য একটি বিশেষ বিমান বরাদ্দ করা হচ্ছে। বিমানটিতে খেলোয়াড়, কোচ কার্লো আনচেলত্তি এবং ফেডারেশনের সভাপতি সামির শাউদসহ সিনিয়র কর্মকর্তাদের জন্য অন্তত ৩০টি সম্পূর্ণ রিক্লাইনিং বিজনেস-ক্লাস সিট থাকার বাধ্যবাধকতা রয়েছে।
ইন্ডিয়া ডটকম-কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ব্রাজিল দলে বিশ্বের সেরা কিছু ফুটবলার রয়েছে এবং তারা বিশেষ যত্ন পাওয়ার যোগ্য। আমাদের নিশ্চিত করতে হবে যে, খেলোয়াড়রা তিনটি মহাদেশ ভ্রমণ করে এখানে পৌঁছানোর পর যেন কোনো ক্লান্তি না থাকে। তারা সব বড় মাপের তারকা। তাই তাদের সবার জন্য বিজনেস ক্লাস সিটসহ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা একদম তরতাজা অবস্থায় ভারতে আসতে পারে। তারা ভারতে পৌঁছানোর দুদিনের মাথায় ম্যাচ খেলবে, তাই ফিটনেস এখানে একটি বড় ফ্যাক্টর।’
পরিকল্পনা অনুযায়ী, ব্রাজিল
দল বিমানবন্দরে কোনো সাধারণ লাউঞ্জ ব্যবহার করবে না এবং সাধারণ ইমিগ্রেশন লাইনেও দাঁড়াতে
হবে না। বরং বিমানের ভেতরেই পাসপোর্ট ও ইমিগ্রেশনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
কলকাতার ম্যাচটি শেষ হওয়ার পর খেলোয়াড়রা বিজনেস-ক্লাস টিকিটে নিজ নিজ গন্তব্যে ফিরবেন।
তবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো ক্লাবগুলো ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া এবং এনদ্রিকদের
মতো তারকাদের জন্য নিজস্ব ব্যবস্থায় আলাদা প্রাইভেট জেটের বন্দোবস্ত করতে পারে বলেও
শোনা যাচ্ছে।
আয়োজকদের দাবি অনুযায়ী, ‘ভারতে কোনো ক্রীড়া দলের বিশেষ চার্টার্ড বিমানে ভ্রমণের ঘটনা সম্ভবত এটিই প্রথম। এর আগে জাপান থেকে উরুগুয়ে দলও চার্টার্ড ফ্লাইটে আসবে। এরা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এবং বিশ্বের সেরা ও সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলারদের দল।’ ভিনিসিউস জুনিয়রসহ অন্যান্য ব্যালন ডি’অর নমিনিদের নিয়ে গড়া শক্তিশালী ব্রাজিল স্কোয়াডের এই সফর ভারতীয় ফুটবল ইতিহাসে অন্যতম বড় ঘটনা হতে চলেছে।





