ব্যালন ডি’ অর
ইয়ামাল নয়, কেইনকেই এগিয়ে রাখছে বার্সেলোনা

সংগৃহীত ছবি
ব্যালন ডি’অরের মঞ্চ বসছে আর কয়েক ঘন্টা পর লন্ডনে। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার কে জিতবেন সেটি জানতে অপেক্ষা এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার। তবে বার্সেলোনার ভেতরে নাকি ভিন্ন এক ধারণা তৈরি হয়েছে। ক্লাবটির বিশ্বাস এবার লামিন ইয়ামাল নয়, সবচেয়ে এগিয়ে আছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন।
স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সের জানিয়েছে, বার্সেলোনার অভ্যন্তরে এমন ধারণা রয়েছে যে কেইনই ব্যালন ডি’অরের সবচেয়ে শক্তিশালী দাবিদার। যদিও চূড়ান্ত ফল এখনো প্রকাশ হয়নি, তাই ইয়ামালের সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়ে যায়নি।
ব্যালন ডি’অরের ৭০তম আসর অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার লন্ডন প্যালাডিয়ামে। ১৯৫৬ সালে পুরস্কারটি চালুর পর এবারই প্রথম লন্ডনে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান।
পুরুষদের বিভাগে মূল লড়াইয়ে রয়েছেন তিন তারকা—বার্সেলোনার লামিন ইয়ামাল, বায়ার্নের হ্যারি কেইন এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে।
কেইনের পক্ষে রয়েছে গোলের ধারাবাহিকতা ও বায়ার্নের হয়ে ঘরোয়া শিরোপা জয়ের সাফল্য। ইয়ামালের বড় শক্তি বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে তার প্রভাব। অন্যদিকে এমবাপ্পে গোলের হিসেবে এগিয়ে থাকলেও রিয়ালের হয়ে মৌসুমে কোনো বড় শিরোপা জিততে পারেননি।
ইয়ামালের জন্য এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে বাড়তি অনুপ্রেরণাও রয়েছে। গত বছর তিনি দ্বিতীয় হয়েছিলেন। ২০২৫ সালের ব্যালন ডি’অর জিতেছিলেন ফ্রান্সের উসমান দেম্বেলে।
এবার জিততে পারলে ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হবেন ইয়ামাল। আর কেইন জিতলে ২০০১ সালে মাইকেল ওভেনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করবেন তিনি।



