আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেস

সংগৃহীত ছবি
তিনি ছিলেন চোখের মনি। বিশ্বকাপের সময় বার্সেলোনায় যেতে চাওয়ার স্বপ্নের কথা বলে হুলিয়ান আলভারেস আতলেতিকো মাদ্রিদ সমর্থকদের কাছে হয়ে যান চোখের বালি। এই আর্জেন্টাইনকে দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছিলেন সমর্থকরা। তিনি মাঠে নামলেই শুনতেন দুয়ো।
ঝড়ের পর 'দ্য স্পাইডার'খ্যাত আলভারেস আবারও ফিরতে শুরু করেছেন ছন্দে। বদল করেছেন নিজের এজেন্ট। আর শনিবার দেপোর্তিভোকে হারিয়ে প্রকাশ্যে ক্ষমাও চাইলেন সমর্থকদের কাছে।
৪৮ মিনিটে দেওয়া আলভারেসের একমাত্র গোলেই জিতেছে আতলেতিকো। এরপর মুভিস্টারে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমা চাইলেন তিনি,‘সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। যেভাবে এবং যে সময়ে কথাগুলো আমি বলেছিলাম, তা আমার দিক থেকে ভুল ছিল। আমি তাদের ক্ষোভ বুঝতে পারছি। একজন সমর্থক হিসেবে আমিও রাগ করতাম, বিশেষ করে তারা যেভাবে সবসময় আমাকে সমর্থন করেছে সেটা বিবেচনা করলে। এমনকি গত কয়েক সপ্তাহ ধরেও তারা অবিশ্বাস্য রকমের উদারতা দেখিয়েছে। আমাকে নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দিতে হবে। এতদিন তারা আমাকে সমর্থন করেছে, আর এখন আমাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’
এরপর সতীর্থদের প্রশংসা করে বললেন,‘সব সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে সমর্থন জুগিয়েছে, এই সময়ে তারা আমার পাশে দাঁড়িয়েছে। আমি উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। জীবনে যখন আপনি ভালো বোধ করেন, তখন তা মাঠে এবং সবকিছুর মধ্যেই ফুটে ওঠে। আমরা ঘরের ভেতরে অনেক সময় কাটাই, সবকিছুই এর ওপর প্রভাব ফেলে, আর আমি ভালো আছি। সবকিছুর জন্য লড়াই করতে প্রস্তুত।’
আলভারেস ক্ষমা চাওয়ায় তার প্রশংসা করলেন আতলেতিকোর কোচ ডিয়েগো সিমিওনে,‘ক্ষমা চাওয়া সহজ নয়। হুলিয়ান যখন ক্ষমা চেয়েছে, তার মানে সে সত্যিই তা অনুভব করে। যারা ক্ষমা চান, আমি তাদের সবসময় অনেক সম্মান করি। কারণ ক্ষমা চাওয়া সহজ নয়। সে যা বলেছে তা নিয়ে এখন মানসিকভাবে শান্তি পাবে। কারণ আপনি যখন এমন কথা বলেন, তার মানে আপনার মনেও সেটা থাকে। আমাদের তাকে প্রয়োজন।’



