এনরিকেকে ছাড়িয়ে ফ্লিকের নতুন কীর্তি

সংগৃহীত ছবি
বার্সেলোনার কোচ হিসেবে হান্সি ফ্লিকের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। লা লিগায় লেভান্তের বিপক্ষে ৪-২ গোলের জয়ে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ জয়ের হারের রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন সাবেক কোচ লুইস এনরিকেকে।
রোববার লেভান্তের মাঠ এস্তাদি সিউতাত দে ভ্যালেন্সিয়ায় খেলতে নামে বার্সেলোনা। নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা দলটি এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে পাঁচ জয় পেয়েছিল। লেভান্তের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখে ফ্লিকের শিষ্যরা।
তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় এসেছে কোচ ফ্লিকের ব্যক্তিগত অর্জন। পরিসংখ্যানবিদ ফ্রান মার্তিনেসের তথ্য অনুযায়ী, বার্সেলোনার হয়ে অন্তত ১০ ম্যাচ দায়িত্ব পালন করা কোচদের মধ্যে জয়ের হারে শীর্ষে এখন ফ্লিক। তার জয়ের হার ৭৬.৪২ শতাংশ।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন লুইস এনরিকে। বার্সেলোনার কোচ হিসেবে তার জয়ের হার ছিল ৭৬.২৪ শতাংশ। দুই কোচের ব্যবধান খুব বেশি না হলেও ইতিহাসের রেকর্ডবুকে এনরিকেকে ছাড়িয়ে গেছেন ফ্লিক।
এদিকে লেভান্তের বিপক্ষে জয়টি বার্সেলোনার দুর্দান্ত পারফরম্যান্সেরও প্রমাণ। পাঁচ ম্যাচে পাঁচ জয়ের পর ষষ্ঠ ম্যাচেও জয় তুলে নিয়ে নিজেদের ছন্দ ধরে রেখেছে কাতালান ক্লাবটি। আর সেই জয়ের রাতেই কোচ হিসেবে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন ফ্লিক।



