বাংলাদেশের ক্ষুদে ফুটবলারদের কী শেখালো আর্জেন্টিনা?

ছবি: আগামীর সময়
লিওনেল মেসির সুবাদে দুই দেশের সম্পর্কটা এখন বেশ গভীরে। ফুটবল যেন অদৃশ্য এক সুতোয় বেঁধেছে বাংলাদেশ ও আর্জেন্টিনাকে। এবার আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের প্রতিনিধি এলো ঢাকায়। তাদের কাছেই ফুটবলের ‘দীক্ষা’ নিল বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা।
আজ সকালে বাফুফে টার্ফে হয়ে গেল 'ইয়ুথ ফুটবল ক্লিনিক'। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক বিভাগের একটি প্রতিনিধিদলের তত্ত্বাবধানে পরিচালিত হয় এটি।
ব্যবহারিক প্রশিক্ষণ সেশনে অংশ নিয়ে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার পাশাপাশি অনুশীলনের সুযোগ পেয়েছে খুদে ফুটবলাররা। আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে বাংলাদেশের তরুণ ফুটবলারদের পরিচিত করানো এবং আন্তর্জাতিক পর্যায়ের কোচিং অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
এএফএর আন্তর্জাতিক বিভাগের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং স্পোর্টস ম্যানেজার আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং বাফুফের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি), নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ (সবুজ) ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহীন) উপস্থিত ছিলেন।



