কোপা ট্রফি
মেসি ছাড়া কেউ রাখেননি সেরা তিনে, তবু সেরা দশে মাজা

সংগৃহীত ছবি
ব্যালন ডি’অরের ভোটে চমক দেখিয়েছেন লিওনেল মেসি। ২০২৬ সালের কোপা ট্রফির ভোটে আলজেরিয়ার তরুণ ফুটবলার ইব্রাহিম মাজাকে নিজের সেরা তিনে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসি ছাড়া আর কোনো ভোটারই মাজাকে সেরা তিনে রাখেননি।
লন্ডনে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয় এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান। সেখানে অনূর্ধ্ব-২১ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জেতেন বার্সেলোনার লামিন ইয়ামাল। সাবেক ব্যালন ডি’অর জয়ীদের ভোটে নির্ধারিত হয় এ পুরস্কারের বিজয়ী। আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসিও ছিলেন ভোটারদের একজন।
ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপের খবর অনুযায়ী, মেসির ভোটে প্রথম হয়েছেন ইয়ামাল, দ্বিতীয় বার্সেলোনার ডিফেন্ডার পাও কুবার্সি। আর তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন বায়ার লেভারকুসেনের হয়ে খেলা ইব্রাহিম মাজা। তবে অন্যকোনো ভোটার মাজাকে সেরা তিনে না রাখায় শেষ পর্যন্ত তালিকায় নবম হয়েছেন এই আলজেরিয়ান তরুণ।
প্রায় চার মাস আগে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিলেন মেসি ও মাজা। সেই ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। বড় ব্যবধানে হারলেও নজর কেড়েছিলেন মাজা। ফারেস শাইবিকে দিয়ে একটি গোল করিয়েছিলেন তিনি, যদিও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
মেসির ভোট পাওয়ার পর নিজের অনুভূতি জানান মাজা, ‘মেসির মতো খেলোয়াড়ের থেকে ভোট পাওয়া আমার জন্য গৌরবের।‘
লেভারকুসেনে নিজের প্রথম মৌসুমে এখন পর্যন্ত ৪৪ ম্যাচ খেলেছেন মাজা। করেছেন পাঁচ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও সাতটি। কোপা ট্রফির সেরা ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ইতিহাসের প্রথম আলজেরিয়ান ফুটবলারও তিনি।



