জিদানের ফ্রান্স স্কোয়াডে ৪ চমক

সংগৃহীত ছবি
দিদিয়ের দেশমের বিদায়ের পর নতুন পথচলা শুরু হচ্ছে ফ্রান্সের। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে উয়েফা নেশনস লিগের চার ম্যাচ খেলবে তারা। নতুন কোচ জিনেদিন জিদান তার প্রথম ফ্রান্স স্কোয়াড ঘোষণা করার এক সপ্তাহ আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন। আর এই স্কোয়াডেই আছে বড় ৪ চমক।
নেশনস লিগের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ৪ তরুণ ফুটবলারকে রেখেছেন জিদান। এই খবর প্রকাশের পর থেকেই তাদের নিয়ে চলছে আলোচনা।
ফুট মের্কাতো জানিয়েছে, রেনেতে নজর কাড়ার পর ফ্রান্স জাতীয় দলে প্রাথমিকভাবে ডাক পেয়েছেন এস্তেবান লেপল। ২৬ বছর বয়সী এই ফুটবলার গত মৌসুমে ২১ গোল করে ফরাসি লিগের শীর্ষ গোলদাতা ছিলেন। যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই এবার শুরু করেছেন তিনি। লিগের তিন ম্যাচে করেছেন তিন গোল।
লেপলের জন্য ইউরোপিয়ান ফুটবল একেবারেই নতুন মঞ্চ। রেনের সঙ্গে এই মৌসুমে প্রথমবার ইউরোপা লিগে খেলবেন তিনি।
ইউরোপিয়ান ফুটবলে খেলার অভিজ্ঞতা কম থাকলেও পাবলো পাগিস ডাক পেয়েছেন প্রাথমিক দলে। গত ফরাসি লিগে লরিয়েঁর সঙ্গে ১০ গোল ও পাঁচটির বেশি অ্যাসিস্ট করেছেন। ২৩ বছর বয়সী উইঙ্গার এই গ্রীষ্মে প্যারিস এফসিতে বদলি হয়েছেন এবং শুরুর একাদশেও জায়গা হয়েছে তার।
প্রাথমিকভাবে ডাক পাওয়ার তালিকায় এসেছে ইসমাইলো গানিওর নাম। এক বছরেরও কম সময়ে ফরাসি লিগের অন্যতম প্রতিভাবান ডিফেন্ডার হয়ে উঠেছেন।
নবাগতদের তালিকায় আরও আছেন অ্যান্ডি দিওফ। ইন্টার মিলানের সঙ্গে মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে আছেন এই উইঙ্গার। ফ্রান্স সিনিয়র দলে খেলার সুযোগ রয়েছে তার সামনে।
শেষ পর্যন্ত প্রাথমিক দল থেকে এই ৪ তরুণের কয়জন মূল স্কোয়াডে জায়গা করে নেবেন, সেটাই বড় প্রশ্ন।



