রেকর্ড ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে ১৯ বছরের দিওমান্দে

রেকর্ড গড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে নাম লেখালেন তরুণ আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে। লাইপজিগ থেকে ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে রেকর্ড ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে রিয়াল। একইসঙ্গে তিনি ইতিহাসের সবচেয়ে দামি আফ্রিকান খেলোয়াড়ও হয়েছেন এই তরুণ।
‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, দিওমান্দেকে দলে টানতে রিয়ালের মোট খরচ হচ্ছে ১৩৫ মিলিয়ন ইউরো। এর মধ্যে প্রথম কিস্তিতে ১২৫ মিলিয়ন ইউরো পরিশোধ করা হবে এবং সঙ্গে থাকছে ১০ মিলিয়ন ইউরোর অ্যাড-অন। এই চুক্তির ফলে জুড বেলিংহামকে ছাড়িয়ে ক্লাবের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় বনে গেলেন তরুণ ফরোয়ার্ড। শুধু তাই নয়, নিকোলাস পেপের ৭২ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ভেঙে দিওমান্দে এখন ইতিহাসের সবচেয়ে দামি আফ্রিকান খেলোয়াড়।
রিয়ালের সঙ্গে চুক্তি করতে যাওয়া এই ফরোয়ার্ড গত মৌসুমে লাইপজিগের হয়ে দারুণ পারফর্ম করার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন। দিওমান্দেকে পেতে আগে থেকেই লড়াইয়ে ছিল ফরাসি ক্লাব পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত তারা এই লড়াই থেকে সরে দাঁড়ায়। বুধবার বিকেলে চূড়ান্ত হয় তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়টি। অস্ট্রিয়ায় লাইপজিগের প্রাক-মৌসুম ক্যাম্প থেকে এরই মধ্যে স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন দিওমান্দে। রিয়ালের সঙ্গে তার চুক্তি হতে যাচ্ছে ২০৩১ সাল পর্যন্ত।





