২০৩০ পর্যন্ত আর্সেনালের কোচ আরতেতা

সংগৃহীত ছবি
মিকেল আরতেতার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে আর্সেনাল। নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সালের জুন পর্যন্ত উত্তর লন্ডনের ক্লাবটির দায়িত্বে থাকবেন স্প্যানিশ এই কোচ। দুই দশকেরও বেশি সময় পর আর্সেনালকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতানোর পুরস্কার হিসেবেই আরতেতার সঙ্গে নতুন চুক্তি করেছে ক্লাবটি।
২০১৯ সালে আর্সেনালের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর দলটিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন আরতেতা। তার অধীনে গত মৌসুমে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ লিগের শিরোপা জেতে আর্সেনাল। এটি ক্লাবটির ইতিহাসে ১৪তম লিগ শিরোপা।
সব প্রতিযোগিতা মিলিয়ে আরতেতার অধীনে ৩৬১ ম্যাচ খেলেছে আর্সেনাল। এর মধ্যে জয় এসেছে ৬২.০৫ শতাংশ ম্যাচে, যা ক্লাবটির পূর্ণকালীন কোচদের মধ্যে সর্বোচ্চ। নতুন চুক্তির আওতায় আরতেতার মূল কোচিং স্টাফদের সঙ্গেও চুক্তি নবায়ন করা হয়েছে।
চুক্তি নবায়নের পর আরতেতা বলেন, ‘এমন অসাধারণ মানুষদের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারা আমার জন্য গর্বের। এই ক্লাব অনন্য। এর চরিত্র এবং এর সঙ্গে যুক্ত থাকার অনুভূতিও বিশেষ। আমরা এরই মধ্যে বিশেষ এক বন্ধন তৈরি করেছি এবং এমন কিছু স্মৃতি গড়েছি যা সারা জীবন মনে থাকবে। সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো, আমরা একসঙ্গে যা অর্জন করতে পারি এটি তার মাত্র শুরু। স্ট্যান ও জশের আস্থা ও সমর্থনের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। ক্লাবটির ১৪০ বছরের ইতিহাসের এমন বিশেষ সময়ে নেতৃত্ব দিতে পারা আমার জন্য সম্মানের।’
আরতেতার ওপর আস্থা রেখেছেন আর্সেনালের মালিক স্ট্যান ও জশ ক্রোয়েনকে। যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘মিকেলের সঙ্গে আমাদের বিশেষ এক বন্ধন রয়েছে। ২০১৯ সালে তিনি ক্লাবে ফেরার পর আমরা যা অর্জন করেছি তা নিয়ে আমরা গর্বিত। আর্সেনালের মূল্যবোধ সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে এবং তিনি তা হৃদয়ে ধারণ করেন। ক্লাবটি সবার কাছে কী অর্থ বহন করে তিনি জানেন এবং একসঙ্গে যা অর্জন করেছি সেটিকে আরও এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।’



