সাফ ২০২৬
এখনো লাগেজই পায়নি পাকিস্তান দল!

ছবি: আগামীর সময়
টুর্নামেন্ট মাঠে গড়ানোর বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। সাফ শুরুর আগে দলগুলো আজ সংবাদ সম্মেলনও করল। তবে উদ্বোধনী ম্যাচে নামার অপেক্ষায় থাকা পাকিস্তান এখনো তাদের লাগেজই পায়নি!
ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে বসুন্ধরা ট্রেনিং মাঠে পাকিস্তান দলের অনুশীলন করার কথা ছিল বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে। কিন্তু বিকেল ৪টার দিকে জানা যায়, পাকিস্তানের অনুশীলন বাতিল হয়েছে।
ঠিক কী কারণে অনুশীলন বাতিল হলো, শুরুতে নিশ্চিত হওয়া যায়নি। পরে জানা গেল, দলের লাগেজ সময়মতো না পৌঁছানোয় দল অনুশীলনে যায়নি। অথচ কাল বিকেলেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে তারা!
বাফুফে ও পাকিস্তানের দলীয় সূত্র জানিয়েছে, গতকাল মধ্যরাতে দোহা হয়ে ঢাকায় এসেছে পৌঁছেছে তাদের জাতীয় দল। তবে তাদের ১৬টি লাগেজ সময় মতো আসেনি। সব আটকে আছে দোহায়। লাগেজ আগামীকাল দুপুরের মধ্যে ঢাকায় এসে পৌঁছানোর কথা।
দুপুর ১টার দিকে পাকিস্তান দলের দুই প্রতিনিধি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের সহকারী কোচ তিতাস ব্রাম্বেল বলেছেন, ‘পাকিস্তানে আমাদের একটি ভালো ট্রেনিং ক্যাম্প হয়েছে এবং আমরা খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা যদি সেমিফাইনালে না পৌঁছাতে পারি, তবে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। ওখানেই টুর্নামেন্টের শেষ। আমরা আত্মবিশ্বাসী যে আমরা সেমিফাইনালে উঠব।’
পাকিস্তান অধিনায়ক আলমগীর গাজী বলছিলেন, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি এবং ভালো ফুটবল খেলার চেষ্টা করব। যেহেতু এটি আমাদের জন্য বিশেষ ম্যাচ, আমরা দারুণ খেলব।’
ফিফা র্যাঙ্কিংয়ে ভারত আছে ১৩৮ নম্বরে, পাকিস্তানের অবস্থান ১৯৭। কাল জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় মাঠে নামছে দুই দল। একই দিনে রাত ৮টায় স্বাগতিক বাংলাদেশ মাঠে নামবে ভুটানের বিপক্ষে খেলতে।



