‘টানা দুই শিরোপা অসম্ভব নয়’

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা, দলে আছেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন। আর্জেন্টিনাকে নিয়ে তাই প্রত্যাশার যেন কমতি নেই। এবারও শিরোপায় চোখ রেখেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। অনুমেয়ভাবেই দলে অধিনায়ক হিসেবে থাকছেন ৩৮ বছর বয়সী লিওনেল মেসি, যিনি খেলতে যাচ্ছেন তার রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। গত বিশ্বকাপের স্কোয়াড থেকে এবার বাদ পড়েছেন ৯ ফুটবলার।
দল ঘোষণার পর স্কালোনি জানিয়েছেন, এই দলের সাফল্য নিয়ে আশাবাদী তিনি।
কয়েক সপ্তাহ ধরেই সবার নজর ছিল স্কালোনির দিকে। কোন কোন ফুটবলারকে নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা সাজাবেন এই বিশ্বকাপজয়ী কোচ?
শেষ পর্যন্ত কোন ২৬ জনকে নিয়ে স্কোয়াড ঘোষণা করবেন, এ নিয়ে কখনোই আভাস দেননি আর্জেন্টিনা কোচ। শুধু জানা গিয়েছিল, ২৬ সদস্যের ২৪ জন অনেক আগেই ঠিক করে রেখেছিলেন। প্রাক বিশ্বকাপ ক্যাম্প থেকে স্কালোনি বেছে নিয়েছেন বাকি দুজনকে। সব জল্পনা-কল্পনা শেষে বেশ কিছু চমক রেখেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ শিরোপা ধরে রেখেছিল ইতালি ও ব্রাজিল। এরপর কয়েক যুগ পেরিয়ে গেলেও সেই রেকর্ডের পুনরাবৃত্তি ঘটাতে পারেনি কেউই। আর্জেন্টিনার সামনে এখন এই দুই দেশের পাশে বসার সুযোগ।
নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির উদ্দেশে রওনা দিয়েছে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার বিশেষ চার্টার্ড ফ্লাইট ‘এআর ১৯৭৮’-এ শনিবার রাত ২টা ১৬ মিনিটে নিভৃতেই রানওয়ে ছাড়ে বিমানটি। পেশির ইনজুরিতে ভোগা মন্তিয়েলের বিকল্প হিসেবে রাখা হয়েছে অগাস্তিন গায় ও নিকোলাস কাপালদোকে। মন্তিয়েল ফিট না হলে এ দুজনের কেউ একজন জায়গা পাবেন মূল স্কোয়াডে। ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পারেদেসও। পরীক্ষায় সেখানে টিয়ার ধরা পড়েছে। আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচগুলোয় তিনি খেলতে পারবেন না।
মেসি দলের সঙ্গে যোগ দেবেন যুক্তরাষ্ট্রেই। ২০০৬ সালে শুরু, মেসি এরপর খেলেছেন আরও চারটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে তিনি থাকবেন কি না, এ নিয়েই ছিল শঙ্কা। শেষ পর্যন্ত চোট ও বয়সের বাধা পেরিয়ে মেসিই থাকছেন দলের নেতৃত্বে। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন আর্জেন্টাইন অধিনায়ক।
দল ঘোষণার পর স্কালোনি বলেছেন, মেসির নেতৃত্বেই সাফল্য পাবে দল, ‘আমি আর্জেন্টিনার সাফল্য নিয়ে আশাবাদী। পরপর দুবার বিশ্বকাপ জেতা খুব কঠিন। কিন্তু অসম্ভব নয়! আগেও এটা হয়েছে। আমরা গত বিশ্বকাপের মতোই ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব। কিন্তু আমরা বেশি দূরের কথা ভাবতে চাই না। প্রতিটি ম্যাচ নিয়ে আলাদাভাবে ভাবতে চাই। দল ঘোষণায় অনেকেরই মন খারাপ হয়েছে, এটাই স্বাভাবিক। সবাইকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা সম্ভব নয়।’
আর্জেন্টিনার বিশ্বকাপ দল
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনে, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেস, রদ্রিগো দি পল, লিয়েন্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এসেকিয়েল পালাসিওস, ভ্যালেন্টিন বার্কো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেস, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, হুলিয়ানো সিমিওনে, নিকো পাজ, হোসে ম্যানুয়েল লোপেস।






