দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
হোঁচট খেয়েও বিশ্বকাপে আর্জেন্টিনা, শীর্ষে ব্রাজিল

চার ম্যাচে টানা চার জয় পেয়েছে ব্রাজিল। ছবি: সংগৃহীত
আগের ম্যাচেই ব্রাজিল বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনাকে। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে ব্রাজিল জিতেছিল ৩-০ গোলে। আজ গ্রুপের শেষ ম্যাচেও হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। বলিভিয়া তাদের রুখে দিয়েছে ১-১ গোলে।
৪৮ মিনিটে সালিনার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচ শেষের চার মিনিট আগে বলিভিয়ার হয়ে সমতা ফেরান নাসিফ।
ড্র করেও কাতারে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। গ্রুপের অপর ম্যাচে ব্রাজিল ১-০ গোলে ভেনেজুয়েলাকে হারানোয় পথের কাঁটা সরে যায় আর্জেন্টিনার। পেনাল্টি থেকে ৩৯ মিনিটে ব্রাজিলের একমাত্র গোলটি পাপের।
৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা গ্রুপ রানার্সআপ হয়ে পেয়েছে বিশ্বকাপের টিকিট। বলিভিয়ার পয়েন্ট ৫, ভেনেজুয়েলার ৪ আর পেরুর ০।
১৬ এপ্রিল সেমিফাইনালে ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। নিজেদের ম্যাচ জিতলে ফাইনালে আবারও দেখা হবে ব্রাজিল-আর্জেন্টিনার।
















