স্পেনকে রুখে দিল ইরাক, মালিকে হারাল ইরান

স্পেন-ইরাক ড্র করেছে ১-১ গোলে। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হলো না স্পেনের। লামিন ইয়ামালকে ছাড়া খেলতে নামা স্পেন হোঁচট খেল ঘরের মাঠে। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরাক।
গত সপ্তাহে প্রথম প্রস্তুতি ম্যাচে ইরাক হারিয়েছিল অ্যান্ডোরাকে। এর আগে আরব আমিরাত ও বলিভিয়ার বিপক্ষেও জিতেছিল তারা। এমন পারফরম্যান্সই বলছে এবারের বিশ্বকাপে চমকে দিতেই খেলবে ইরাক।
যুদ্ধ বিধ্বস্ত আরেক দেশ ইরান অপর প্রস্তুতি ম্যাচ ২-০ গোলে হারিয়েছে মালিকে। এ ছাড়া ২-২ গোলে ড্র করেছে সুইডেন-গ্রিস।
স্পেন শুরুটা করেছিল দাপটে। ১৬ মিনিটে ফেরান তরেসের গোলে এগিয়ে যায় তারা। মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
ইরাক সমতা ফেরায় ২৭তম মিনিটে। ডি-বক্সের বাঁ পাশ থেকে জার্মানিতে জন্ম নেওয়া লেফট-ব্যাক মের্কাস দস্কির শট ঠেকাতে পারেননি গোলরক্ষক হোয়ান গার্সিয়া।
বিরতির পর কোচ লুইস দে লা ফুয়েন্তে পুরো একাদশ বদলে ফেললেও আর গোলের দেখা পায়নি স্পেন। প্রস্তুতি ম্যাচ হলেও বিশ্বকাপের আগে নিশ্চিতভাবে হারতে চাননি ফুয়েন্তে।
এদিকে তুরস্কের মাটিতে ইরান ২-০ গোলে হারিয়েছে মালিকে। ম্যাচটা হয়েছে ফাঁকা স্টেডিয়ামে। অনুমতি ছিল না কোনো সাংবাদিকেরও স্টেডিয়ামে প্রবেশের।




