মেসি জাদুতে নিজেদের স্টেডিয়ামে প্রথম জয় মায়ামির

এক গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন মেসি। ছবি: সংগৃহীত
আবারও জাদু দেখালেন লিওনেল মেসি। বিশ্বকাপের আগে তার দ্যুতিতে মেজর লিগ সকারে পোর্টল্যান্ডকে ২-০ গোলে হারালো ইন্টার মায়ামি। একটি গোলের পাশাপাশি চোখ ধাঁধানো একটি অ্যাসিস্টও করেছেন মেসি।
এটা নিজেদের নতুন ন্যু স্টেডিয়ামে এমএলএসে পাঁচবারের প্রচেষ্টায় প্রথম জয় মেসিদের। আগের চার ম্যাচের তিনটি হয়েছিল ড্র, আরেক ম্যাচে ওরল্যান্ড সিটির কাছে হারতে হয়েছিল ৪-৩ গোলে।
ম্যাচের শুরুতে খেলোয়াড়দের আচরণের প্রতিবাদ জানিয়েছিলেন দর্শকরা। গ্যালারিতে ‘ওয়াভ’ করছিলেন না তারা। এমনকি গালিও দিয়েছিলেন মেসি আর রদ্রিগো দি পলকে। মেসির চোখ ধাঁধানো পারফরম্যান্সে মিলিয়ে যায় সব অভিমান।
৩১তম মিনিটে তেলাস্কোর অ্যাসিস্টে মায়ামিকে এগিয়ে নেন মেসি। ৪২তম মিনিটে জার্মান ব্রেতেরামেকে বাড়ানো মেসির পাসের আগে তৈরি হয়েছিল জাদুকরী মুহূর্ত। কয়েকজনকে ড্রিবলে বোকা বানিয়ে ডিবক্সে তার নিখুঁত পাসে লক্ষ্যভেদ করেন ব্রেতারেমে।
এ নিয়ে মায়ামির সবশেষ ৪ ম্যাচেই গোল আর অ্যাসিস্ট করলেন মেসি। গত ম্যাচে হাটট্রিক করলেও নিয়মের বেড়াজালে বাদ দেওয়া হয়েছিল একটা গোল। সবমিলিয়ে এই মৌসুমে ১৩ এমএলএস ম্যাচে মেসির গোল ১২টি আর অ্যাসিস্ট ৫টি।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে যৌথভাবে শীর্ষে মায়ামি। ১৪ম্যাচে তাদের পয়েন্ট ২৮। এক ম্যাচ কম খেলা ন্যাশভিলের পয়েন্টও ২৮।




