কান্নায় ভেঙে পড়লেন রোমেরো, বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

মারাত্মক চোট পেয়ে কেঁদে ফেলেন ক্রিশ্চিয়ান রোমেরো।
লিগ টেবিলের তলানির দল সান্ডারল্যান্ডের বিপক্ষে পরাজয়ের গ্লানি তো আছেই, তার ওপর টটেনহ্যাম হটস্পারের জন্য বড় হতাশার কারণ হয়ে উঠল ক্রিশ্চিয়ান রোমেরোর চোট। ১-০ গোলে হারের রাতে মাঠ ছাড়ার সময় চোখের জল ধরে রাখতে পারেননি এই আর্জেন্টাইন ডিফেন্ডার। বিশ্বকাপের মাত্র দুই মাস আগে রোমেরোর এই চোট কপালে ভাঁজ ফেলেছে আর্জেন্টিনা সমর্থকদেরও।
রবিবার রাতে সান্ডারল্যান্ডের মাঠ স্টেডিয়াম অব লাইটে প্রিমিয়ার লিগের ম্যাচের দ্বিতীয়ার্ধে সান্ডারল্যান্ড স্ট্রাইকার ব্রায়ান ব্রবি তাকে ধাক্কা দিলে নিজ দলের গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে সজোরে ধাক্কা লাগে রোমেরোর। এরপরই তিনি মাঠে লুটিয়ে পড়েন। প্রাথমিকভাবে চোটের ধরন নিশ্চিত হওয়া না গেলেও ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে বেশ যন্ত্রণাক্লিষ্ট দেখা গেছে।
একপর্যায়ে সতীর্থদের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন রোমেরো। সাইডলাইনে যাওয়ার সময় তাকে কাঁদতে দেখা যায়, যা চোটের ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সেই সময় ধারাভাষ্যকার বলছিলেন, ‘মনে হচ্ছে, এটা বড় কোনো সমস্যা, তার ক্লাবের জন্য তো বটেই, নিকট ভবিষ্যতে জাতীয় দলের জন্যও বড় চিন্তার।’
আগামী জুনে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম সেনাপতি রোমেরোর এই চোট লিওনেল স্কালোনির দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ম্যাচ শেষে টটেনহামের নতুন কোচ রবার্তো ডি জারবি বলেন, ‘রোমেরোর চোট আমাদের জন্য খুবই খারাপ সংবাদ। তবে চোট কতটা গুরুতর তা এখনো জানি না। আগামী কয়েকদিন পর্যবেক্ষণ করতে হবে। আশা করছি বড় কোনো সমস্যা হবে না, কারণ সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
হারের পর পয়েন্ট টেবিলে টটেনহামের অবস্থান এখন লিগ টেবিলের ১৫ নম্বরে। অবনমন অঞ্চল থেকে তারা মাত্র ২ পয়েন্ট ওপরে আছে। লিগের বাকি ম্যাচগুলোতে টিকে থাকতে হলে রোমেরোর মতো অভিজ্ঞ ডিফেন্ডারকে দলের খুব প্রয়োজন। অন্যদিকে, সংঘর্ষের শিকার হওয়া টটেনহাম গোলরক্ষক কিনস্কি মাথায় ব্যান্ডেজ নিয়ে খেলা চালিয়ে গেলেও রোমেরোকে নিয়ে অনিশ্চয়তা কাটছেই না।






