আল-হিলালে যোগ দিলেন করিম বেনজেমা

সংগৃহীত ছবি
সৌদি প্রো লীগের দল আল-হিলালে যোগ দিয়েছেন করিম বেনজেমা। আল-ইত্তিহাদ ছাড়ার পর তিনি এ দলের নতুন সদস্য হয়েছেন বলে মঙ্গলবার ভোরে রিয়াদের ক্লাবটি ঘোষণা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সাবেক ফরাসি আন্তর্জাতিক এই ফুটবলারকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘করিম বেনজেমা আনুষ্ঠানিকভাবে হিলালি।’
২০২২ সালের ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমা চলতি মৌসুমে লিগে ১৪ ম্যাচে আট গোল করেন। নতুন ক্লাবটি জানিয়েছে, তিনি বিনা ট্রান্সফার ফিতে দলে যোগ দিয়েছেন।
এই অধ্যায় শেষ হলেও ‘সম্মান ও কৃতজ্ঞতা সবসময় থাকবে’—বলে মন্তব্য করেন এই ফরাসি ফরোয়ার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেনজেমা লেখেন, ‘ক্লাব, কোচিং স্টাফ, আমার সতীর্থরা এবং বিশেষ করে সমর্থকদের ধন্যবাদ—আপনারা যে স্বাগত, ভালোবাসা ও শক্তি আমাকে প্রতিদিন দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা।’
তিনি আরো লেখেন, ‘এই যাত্রা আমাকে ব্যক্তিগত ও পেশাগত—দুই দিক থেকেই অনেক কিছু দিয়েছে। এই রংগুলো ধারণ করতে পেরে এবং আমরা যা কিছু ভাগ করে নিয়েছি, তার জন্য গর্ব নিয়ে মাথা উঁচু করেই আমি বিদায় নিচ্ছি।’
রিয়াল মাদ্রিদে ১৪ মৌসুম কাটানোর পর ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমান বেনজেমা। গত মৌসুমে তিনি ২১ গোল করেন, যখন আল-ইত্তিহাদ লিগ শিরোপা জেতে।



