জাতীয় ক্রিকেট লিগ
অমিতের ডাবল সেঞ্চুরি, ইনিংস ব্যবধানে জিতল ঢাকা

সংগৃহীত ছবি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের শেষ দিনে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে ঢাকা। রাজশাহীকে ১০৩ রানে হারিয়েছে তারা। অন্য তিন ম্যাচ হয়েছে ড্র। শেষ দিনে সিলেটের অমিত হাসান তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের মোহাম্মদ শাহ পরান সোহেল এবং রংপুরের মিম মোসাদ্দেক ও নবীন ইসলামও।
মোহাম্মদ নাঈম শেখের ২৮২ রানের দুর্দান্ত ইনিংসে প্রথম ইনিংসে ৫২১ রান করেছিল ঢাকা। জবাবে রাজশাহী অলআউট হয় ১৬২ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও শেষ পর্যন্ত ২৫৬ রানে থামে তাদের ইনিংস। তাতে ১০৩ রানের ইনিংস ব্যবধানে জয় পায় ঢাকা। দ্বিতীয় ইনিংসে রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন সাব্বির রহমান। ঢাকার হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ এনামুল হক। ম্যাচসেরা হয়েছেন নাঈম শেখ।
কক্সবাজারে সিলেট ও খুলনার ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৩২ রান তুলে ইনিংস ঘোষণা করে সিলেট। অমিত হাসান অপরাজিত থাকেন ২০১ রানে। আশরাফুল হাসান রিহাদ করেন ১১৪ রান। জবাবে ৭ উইকেটে ১৯৯ রান তুলে দিন শেষ করে খুলনা। দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ৬১ রান। আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে আসে ৫০ রান।
বগুড়ায় ময়মনসিংহ ও চট্টগ্রামের ম্যাচও ড্র হয়েছে। প্রথম ইনিংসে ময়মনসিংহের ৪৬৫ রানের জবাবে ৫৯৯ রানে অলআউট হয় চট্টগ্রাম। দলের হয়ে অপরাজিত ১৬৩ রান করেন সোহেল। ময়মনসিংহের হয়ে ৪ উইকেট নেন রাকিবুল হাসান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করে ময়মনসিংহ। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা মাহফিজুল ইসলাম রবিন দ্বিতীয় ইনিংসে আউট হন শূন্য রানে।
রংপুর ও বরিশালের ম্যাচটিও ড্র হয়েছে। প্রথম ইনিংসে বরিশালের ৪৪৩ রানের জবাবে রংপুর ৫ উইকেটে ২৮৮ রান করে দিন শেষ করে। দলের হয়ে সেঞ্চুরি পেয়েছেন ম্যাচসেরা মিম মোসাদ্দেক ও নবীন ইসলাম। মিম ১২১ রানে এবং নবীন ১০৪ রানে আউট হন। প্রথম ইনিংসে ৪১ রানের লিড পাওয়া বরিশাল শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি।



