১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ

সংগৃহীত ছবি
ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে ২০১০ সালে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এর ১৭ বছর আবারও লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইংল্যান্ডের সংবাদমাধ্যমে আগেই জানিয়েছিল ২০২৭ সালের অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট খেলার কথা। আজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এল আনুষ্ঠানিক ঘোষণা।
২০২৭ সালে একটি টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ২৮ মে শুরু হতে যাওয়া টেস্টটি হবে লর্ডসে। ১৮ জুন ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে শুরু হবে অ্যাশেজ। এর আগে ২৮ মে মাঠে গড়াবে ইংল্যান্ড-বাংলাদেশের টেস্টটি।
ইসিবি সিইও রিচার্ড গোল্ড বিবৃতিতে জানিয়েছেন, ‘লর্ডসে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। ২০১০ সালের পর এই প্রথমবার নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। একই সঙ্গে আমরা বাংলাদেশ নারী দলকেও একটি সাদা বলের সিরিজে আতিথ্য দেব।’
২০২৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশের নারী দলও। সেই সফরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবেন নিগার সুলতানা ৮, ১০ এবং ১২ সেপ্টেম্বর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি। ১৭, ২১ এবং ২৪ সেপ্টেম্বর সিরিজের অনুষ্ঠিত হবে ওয়ানডে তিনটি।
ইংল্যান্ড সফরের সূচি
ছেলেদের দল
২৮ মে – ১ জুন : একমাত্র টেস্ট লর্ডস, লন্ডন
নারী দলের ইংল্যান্ড সফরের সূচি
৮ সেপ্টেম্বর : প্রথম টি-টোয়েন্টি
১০ সেপ্টেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি
১২ সেপ্টেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি
১৭ সেপ্টেম্বর : প্রথম ওয়ানডে
২১ সেপ্টেম্বর : দ্বিতীয় ওয়ানডে
২৪ সেপ্টেম্বর : তৃতীয় ওয়ানডে




