হার দিয়ে শেষ হল হাসান মাহমুদের কেন্ট অধ্যায়

সংগৃহীত ছবি
ইংলিশ কাউন্টি ক্রিকেটে অভিষেকটা দারুণ হলেও হাসান মাহমুদের জন্য মৌসুমের সমাপ্তিটা মধুর হল না। ব্যক্তিগত পারফরম্যান্স ভাল হলেও হেরেছে তার দল। এই ম্যাচের পরই হাসান ফিরে আসছেন দেশে, এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের প্রস্তুতিতে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন এই ডানহাতি পেসার।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল আগামীর সময়কে নিশ্চিত করেছেন, ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচটাই চলতি মৌসুমে হাসানের শেষ কাউন্টি ম্যাচ। দেশে এসে এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন হাসান।
হাসান মাহমুদ ও খালেদ আহমেদ, বাংলাদেশের দুই পেসার একসঙ্গে খেলতে নেমেছিলেন কেন্ট এর হয়ে। প্রতিপক্ষ ছিল ডার্বিশায়ার। দুই পেসার ভাল বোলিং করলেও ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ কেন্ট এর ব্যাটসম্যানরা। তাই ডার্বিশায়ার এর কাছে ১৮১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের দুই পেসারের।
প্রথম ইনিংসে হাসান নিয়েছিলেন ৪ উইকেট আর খালেদের শিকার ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে হাসান ৩ উইকেট নিলেও খালেদ ছিলেন উইকেটশুন্য। ম্যাচের চতুর্থ ইনিংসে কেন্ট এর সামনে জয়ের লক্ষ্য ছিল ৪৩৪ রানের, কিন্তু বেন আচিনসন এর বোলিং তোপে ২৫২ রানেই অলআউট হয়ে যায় কেন্ট। ৪৮ বল টিকে ৯ রান করেন হাসান, খালেদ ১ রানে ছিলেন অপরাজিত।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ এর দ্বিতীয় বিভাগে আছে কেন্ট, এই হারে তাদের প্রথম বিভাগে উত্তরণের স্বপ্নে লেগেছে বড় ধাক্কা। দ্বিতীয় বিভাগের শীর্ষে ডার্বিশায়ার, কেন্ট আছে তিনে। মৌসুমের আর দুটো ম্যাচ বাকি আছে কেন্ট এর,ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের বিপক্ষে। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা নর্দাম্পটনকে পেছনে ফেলে কেন্ট যদি দুইয়ে উঠে আসতে পারে, তাহলে পরের মৌসুমে তারা খেলবে প্রথম বিভাগে।



