বিসিবির শোক
হৃদয় কাঁদছে নেপালি ক্রিকেটারদের

সংগৃহীত ছবি
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৩৫০-র বেশি মানুষ। নিখোঁজ কয়েক হাজার। গতকাল হিমালয়ের এক নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ার পর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ভয়াবহ বিপর্যয়ে মন কাঁদছে নেপালের জাতীয় দলের ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানেদের। শোক জানিয়েছে বিসিবি। সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের শরিফুল ইসলাম, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদরাও।
ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দীপেন্দ্র লেখেন, ‘দেশের বিভিন্ন প্রান্তে বন্যা ও ধসের খবর আমাকে ভীষণ ব্যথিত করেছে। এই কঠিন সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সবাই সতর্ক ও নিরাপদে থাকুন।’
নেপালের আর এক তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানেও এই বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এই কঠিন সময়ে সবাই সতর্ক থাকুন। নিজের এবং প্রিয়জনদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন।’
সামাজিক মাধ্যমে বিসিবি আজ নেপালে হতাহতের ঘটনায় শোকবার্তা জানিয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালকে মেনশন দিয়ে ফেসবুকে একটি ফটোকার্ড ছেড়েছে বিসিবি। এরপর বিসিবি হ্যাশট্যাগে লিখেছে, ‘নেপালের জন্য দোয়া।’
তাসকিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘নেপালের হৃদয়বিদারক দৃশ্য। যারা এখনো বিপদে আছেন, সৃষ্টিকর্তা যেন তাদের রক্ষা করেন। নেপালের জন্য দোয়া করুন।’
সোশাল মিডিয়ায় শিখর ধাওয়ান লেখেন, ‘নেপালের ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল। আশা করছি, নিখোঁজ ভারতীয়সহ সব পর্যটক নিরাপদে দেশে ফিরে আসবেন।’








