বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ স্টিভ ওয়াহ

সংগৃহীত ছবি
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক এক জয় পেয়ে স্বাগতিকদের চমকে দিয়েছে সফরকারীরা। দ্বিতীয় টেস্টে মাত্র দুই দিনে হেরে গেলেও ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে বাড়ি ফিরছে বাংলাদেশ। সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহ বলছেন, বাংলাদেশের এমন পারফরম্যান্স দেখে দারুণ লেগেছে তার।
ডারউইনে বাংলাদেশের সেই দারুণ জয়ের ব্যাপারে ওয়াহ বলেন, ‘এটা অসাধারণ ছিল। সম্ভবত সেটিই ছিল অস্ট্রেলিয়া দলের জন্য সবচেয়ে বড় জাগরণী বার্তা। বাংলাদেশকে এত ভালো করতে দেখে দারুণ লেগেছিল।’
বাংলাদেশের বিপক্ষে ওই হারের চেয়েও টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত সাবেক এই অধিনায়ক। ওয়াহর মতে, ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের সামনে এখন মূলত দুটি ভিন্ন পথ। এক অর্থের জন্য টি-টোয়েন্টি, দ্বিতীয়ত নিজের সামর্থ্যের চূড়ান্ত পরীক্ষা দিতে টেস্ট ক্রিকেট।
ওয়াহ জানালেন, ‘আপনি যদি জানতে চান ক্রিকেটে আপনি কতটা ভালো, তাহলে টেস্ট ক্রিকেট খেলুন। আর যদি নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান এবং প্রচুর অর্থ উপার্জন করতে চান, তাহলে টি-টোয়েন্টি খেলুন।’
এ জন্য আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডারে টেস্টের জন্য আলাদা সময় নির্ধারণের আহ্বান জানিয়েছেন ওয়াহ, ‘টেস্ট ক্রিকেটের জন্য আলাদা সময় রাখতেই হবে। কাজটি সহজ নয়, তবে দক্ষতার সঙ্গে এটি পরিচালনা করতে হবে।’
ওয়াহ আরও বলেছেন, ‘আপনি যদি চান ছেলেরা টেস্ট ম্যাচ খেলুক, তাহলে সবাইকে সমান পারিশ্রমিক দিন। শ্রীলঙ্কা বা বাংলাদেশের হয়ে টেস্ট খেলা একজন ক্রিকেটারও যেন ভারতীয় কিংবা অস্ট্রেলীয় খেলোয়াড়ের সমান অর্থ পান।’






