ঢাকায় উইন্ডিজ, শারজায় বাংলাদেশ

বাংলাদেশের কোনো সিরিজে সচরাচর এমন দেখাই যায় না। দেশে চলে এসেছে প্রতিপক্ষ অথচ এখনো শারজায় স্বাগতিক বাংলাদেশ। উইন্ডিজের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ দরজায় কড়া নাড়ছে। ক্যারিবিয়ানরা বাংলাদেশে টেস্টের প্রস্তুতিও শুরু করেছেন, অথচ বাংলাদেশকে দুবাইয়ে খেলতে হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। সেখানেও যে লিটন দাস-তাওহীদ হৃদয়রা খুব স্বস্তিতে আছেন, এমন নয়। আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে ভাগ্য পরীক্ষায় নামতে হচ্ছে তাদের। পরিসংখ্যানের মারপ্যাঁচে ঝুলে আছে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশের ফাইনাল যাত্রা। ফল আশানুরূপ না হলে দেশে ফিরেও অস্বস্তি পিছু ছাড়বে না। তার কারণ কেমার রোচ। টেস্টে বরাবরই বাংলাদেশ ব্যাটারদের ভয়ের কারণ এই ক্যারিবিয়ান পেসার। তার ২০৬ উইকেটের ৫৩টিই এসেছে বাংলাদেশের বিপক্ষে। সেই ঝুলিতে এবার আরও কিছু উইকেট যোগ করার অপেক্ষা রোচের।



