বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ ডি ভিলিয়ার্স

ছবি: আগামীর সময়
আগামী সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে এরই মধ্যে ইতিবাচক মন্তব্য করেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাসহ দলের অনেকেই। এবার সাবেক দক্ষিণ আফ্রিকা তারকা এবি ডি ভিলিয়ার্স জানালেন, বাংলাদেশের পেস ইউনিট মুগ্ধ করেছে তাকে।
ডি ভিলিয়ার্স জানিয়ে দিলেন, বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাজটা সহজ হবে না একদমই। বিশেষ করে টাইগারদের পেস ইউনিটের প্রশংসায় পঞ্চমুখ তিনি। তাদেরকে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলতে দেখতে যেন তর সইছে না ডি ভিলিয়ার্সের।
নিজের ইউটিউব চ্যানেলে এবার দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের আসন্ন সিরিজ নিয়ে কথা বলেছেন এবি। আলোচনায় ডি ভিলিয়ার্স বলেছেন, ‘বাংলাদেশের ফাস্ট বোলিং লাইনআপ নিয়ে অনেক কথা হচ্ছে। তারা কি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিতে পারবে? অস্ট্রেলিয়াতে তারা এটা করতে পেরেছিল। দক্ষিণ আফ্রিকাতে কি পারবে? তাদের বেশ ভালো বোলিং আক্রমণ রয়েছে। তবে আমার মতে, সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হচ্ছে, তাদের ব্যাটাররা কি ৩০০ রানের বেশি করতে পারবে? প্রতি ইনিংসেই পারবে? আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি দরকার হবে।’
বাংলাদেশের ফাস্ট বোলিং নিয়ে সাবেক টাইগার কোচ অ্যালান ডোনাল্ডের সাথেও কথা বলেছে এবি। বাংলাদেশের ব্যাপারে ডি ভিলিয়ার্সদের আগেই সতর্ক করে দিয়েছেন ডোনাল্ড। ডি ভিলিয়ার্স জানালেন, ‘এই ব্যাপারে অ্যালান ডোনাল্ডের সাথে আমার কথা হয়েছিল। দুবাইয়ে (লিজেন্ডদের টুর্নামেন্টে) আমরা একসাথে ছিলাম, সেখানে কথা হয়েছে। বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে উনার সাথে কথা হয়েছে আমার। আমরা প্রোটিয়া ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, ভাবছিলাম আরও একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ আছে কিনা। অ্যালান আমাদেরকে থামিয়ে বলেছিল, “তোমরা সবাই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে কথা বলছো। কিন্তু মাঝে যে বাংলাদেশ সিরিজ রয়েছে, সেটা ভুলে যাচ্ছ। তাদের কিন্তু এখন প্রপার একটি বোলিং আক্রমণ রয়েছে।”’
ডি ভিলিয়ার্স আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে (বাংলাদেশের পেস ইউনিটের) তরুণদের দেখতে বেশ ভালো লাগবে। এখানে বোলারদের জন্য অনেক সুযোগ রয়েছে। তিনি (ডোনাল্ড) দারুণ একজন মানুষ।’
টেস্ট সিরিজে বাংলাদেশের বোলারদের ২০ উইকেট নেওয়ার তাগাদা দিয়েছেন ডি ভিলিয়ার্স। সাথে পেসারদেরকে বেশি দায়িত্ব নিতে হবে, এই ব্যাপারটিও মনে করিয়ে দিয়েছেন। ডি ভিলিয়ার্স বলেছেন, ‘এই সিরিজের টেস্ট ম্যাচ যে দুই ভেন্যুতে হচ্ছে, আমার মনে হয় সেখানে স্পিনারদের তেমন ভূমিকা থাকবে না। তাদের কাজ শুধু ইকোনমিক্যাল বোলিং করে যাওয়া। রান তোলার গতি কমানো এসবেই সীমাবদ্ধ থাকে। এখানে যদি সুযোগ সৃষ্টি করতে হয় (বাংলাদেশকে) তাদের পেস আক্রমণ দিয়ে ভালো বল করে ২০ উইকেট নিতে হবে। সাথে ভালো জুটি লাগবে ব্যাটিংয়ে। দক্ষিণ আফ্রিকায় এটাই সবচেয়ে কঠিন কাজ। সব বলকেই সম্মান দিতে হবে আপনাকে। আমি টাইগারদের ভালো করেই চিনি, তারাও এখানে দারুণভাবে লড়াই করতে আসবে।’
১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়ে মাঠে গড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ।



