পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ
উদারার লড়াকু ইনিংসে শ্রীলঙ্কার বড় সংগ্রহ

সংগৃহীত ছবি
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন লাহিরু উদারা। তার ৯১ রানের ইনিংসের ওপর ভর করে পাকিস্তানকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। তার ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছয়।
রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই রান তোলায় মনোযোগী ছিলেন উদারা। দ্রুত উইকেট হারাতে থাকলে একপ্রান্ত আগলে রাখেন তিনি। এ ছাড়া শ্রীলঙ্কার হয়ে কামিন্দু মেন্ডিস ও দাসুন সানাকা বাদে আর কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। মেন্ডিস করেন ২৩ রান ও সানাকা ১৮ রান। পাকিস্তানের হয়ে ৩ উইকেট তুলে নেন পেসার নাসিম শাহ। অভিষেকেই ২ উইকেট শিকার করেন মোহাম্মদ ইমরান।
জবাবে বেশ আক্রমণাত্মক শুরু করে পাকিস্তান। শেষ খবর পর্যন্ত, কোনো উইকেট না হারিয়ে ৩ ওভারে ৩৪ রান করেছে স্বাগতিকরা। অধিনায়ক সাহিবজাদা ফারহান অপরাজিত আছেন ১৭ রানে ও ফখর জামান ১৬ রানে। জয়ের জন্য তাদের প্রয়োজন ১৭ ওভারে আরও ১৪৯ রান।



