উসমান খাজা
পাকিস্তানের ক্রিকেট নিয়ে পুরো বিশ্ব জোরে জোরে হাসছে

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই দলের সাত ক্রিকেটার ও দুই কোচ ছেঁটে বিশ্ব জুড়ে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন বিপর্যয়ের মধ্যে হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদ মন্তব্য করেছিলেন যে ‘বিশ্ব এখন আমাদের দেখে হাসছে।’ তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার উসমান খাজা।
ইংলিশদের কাছে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে এবং পরেরটিতে ১৯৪ রানে হেরেছে পাকিস্তান। এরপরই দল এবং কোচিং স্টাফে বড় ধরনের রদবদল করা হয়। আগামী ৯ সেপ্টেম্বর থেকে বার্মিংহামে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টের আগে এই আকস্মিক পদক্ষেপে দেশটির ক্রিকেটাঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হাসাহাসি।
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আকিব জাভেদ বলেছিলেন, ‘দুটি টেস্ট ম্যাচ পেরিয়ে গেছে, কিন্তু দল কোনোভাবেই লড়াই করতে পারেনি। এখনো একটি টেস্ট বাকি। ম্যানেজমেন্টের হাতে একজন পেস অলরাউন্ডার, দ্বিতীয় উইকেটকিপার এবং উবায়িদ শাহের মতো একজন ফাস্ট বোলার ছিল। কিন্তু তাদের বিবেচনায় নেওয়া হয়নি। আমি অধিনায়ক বাবর আজম ও কোচের সঙ্গে কথা বলে উবায়িদকে খেলাতে বলেছিলাম, কারণ বাকি বোলাররা সবাই একই রকম গতির।’
দলের একাদশ নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে আকিব আরও বলেছেন, ‘আমাদের শীর্ষ সাত ব্যাটারের কেউই বোলিং করে না। আমাদের একজন অলরাউন্ডার রাখা উচিত ছিল। সবচেয়ে বড় কথা হলো—মোহাম্মদ রিজওয়ানের জায়গায় মোহাম্মদ গাজি গোরিকে খেলানো উচিত ছিল। সারা বিশ্ব আমাদের নিয়ে হাসছে। কারণ আমরা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছি না! আমরা যে খেলোয়াড়দের ফেরত পাঠাচ্ছি, তাদের এই বার্তাই দেওয়া হচ্ছে যে গুরুত্বপূর্ণ ট্যুরে আপনাদের নিজেদের খেলা উন্নত করতে হবে এবং লড়াই করতে হবে।’
আকিব জাভেদের এই বক্তব্য জিও নিউজের বরাতে প্রকাশ করে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। সেই খবরের কমেন্ট বক্সে আকিব জাভেদের সেই বক্তব্য টেনে এনে উসমান খাজা লিখেন, ‘বিশ্ব এখন আরও জোরে জোরে হাসছে!’ উল্লেখ্য, উসমান খাজা নিজেও পাকিস্তানি বংশোদ্ভুত। তিনি পাকিস্তানের ইসলামাবাদে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলায় পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে যান।
এদিকে পিসিবির এই হঠকারী সিদ্ধান্ত ও ব্যাপক পরিবর্তনের প্রতিবাদে পাকিস্তান পুরুষ জাতীয় নির্বাচন কমিটি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক সফলতম টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ব্যাটিং পরামর্শকের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও পিসিবি এখনো তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। সব মিলিয়ে খাদের কিনারায় থাকা পাকিস্তান ক্রিকেটে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব দলটির ভবিষ্যৎকে আরও গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।







