বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি
এ বছর বিপিএল হচ্ছে না। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, টুর্নামেন্ট আয়োজনের জন্য এবার পর্যাপ্ত সময় নেই। তাছাড়া গত দুই আসরে বিপিএল আয়োজন করে বিসিবির বড় অঙ্কের লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক দায়বদ্ধতা, চুক্তির শর্ত, ব্যাংক গ্যারান্টি ও খেলোয়াড়দের পাওনা নিয়ে বিভিন্ন সময়ে জটিলতা তৈরি হয়েছে। তাই এবার তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন করতে চান না বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বিপিএল আয়োজন না হওয়া নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইনডোর স্টেডিয়ামে গনমাধ্যমের সঙ্গে কথা বলেন আজ। সেখানে সাংবাদিকেরা জানতে চাইলেন তামিম কি এ ব্যাপারে (বিপিএল না হওয়া) তার সঙ্গে পরামর্শ করেছেন? সংবাদমাধ্যমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘না, আমিতো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম। আমিতো জানতাম না যে তারা খেলবে না (বিপিএল)।’
আমিনুলের মতে বিপিএলের মতো টুর্নামেন্ট প্রতি বছর হওয়া উচিত। কেন এবার বিপিএল হচ্ছে না, সেটা নিয়ে কথা বলার প্রয়োজন মনে করেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন, ‘আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই বিপিএলটা যেহেতু অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট। এ ধরনের টুর্নামেন্টগুলো প্রত্যেক বছর হওয়া উচিত। এটা কেন হয়নি, সেটা নিয়ে আমার মনে হয় যে কথা বলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের টুর্নামেন্টগুলো নিয়মিত হয়, সেই জায়গাগুলো নজরদারিতে রাখব।’





