বিসিবি'র পাশে প্রাইম ব্যাংক

ছবি: আগামীর সময়
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর নির্মাণাধীন ট্রেনিং অ্যান্ড রিকভারি সেন্টার এর নামকরণ করা হবে প্রাইম ব্যাঙ্ক এর নামে। রবিবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সুইমিং পুল এবং আধুনিক জিমনেশিয়াম সহ রানিং ট্র্যাক নিয়ে যে স্থাপনা তৈরি করা হচ্ছে একাডেমি ভবনের পাশে, তার নামকরণ করা হবে দেশের শীর্ষ বেসরকারী ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক এর নামে। এর মাধ্যমে নির্মাণ খরচের একটা বড় অংশ উঠে আসবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি।
রবিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, 'আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের মার্কেটিং টিম আছেন ওনাদেরকে নিয়ে আমরা অনেকদিন ধরে, প্রায় তিন-চার মাস ধরেই এটা নিয়ে কাজ করছিলাম। আপনারা জানেন যে আমরা কিছু নতুন সুযোগ সুবিধা যোগ করছি; যেটাতে সুইমিং পুল আছে, রিকভারি সেন্টার আছে, নতুন জিম, অ্যাথলেটিক ট্র্যাক, সবকিছু। এই স্থাপনার নাম আমরা দিয়েছি বিসিবি ট্রেনিং অ্যান্ড রিকভারি সেন্টার। আমরা গত তিন-চার মাস ধরে একটা কাজ করছিলাম যে একটা ভালো স্পনসরশিপ এটার জন্য পাই কি না। গর্বের সঙ্গে আমি আপনাদেরকে আজকে বলতে পারি যে প্রাইম ব্যাংক বেশ ভাল একটা অংকে ৫ বছরের জন্য এই স্পনসরশীপটা নিয়েছে, যে টাকায় আমাদের বিনিয়োগের প্রায় দুই তৃতীয়াংশ উঠে আসবে। পাঁচ বছরের চুক্তি হবে।'
এখনো আনুষ্ঠানিক চুক্তি সই হয়নি, যেহেতু নির্মাণকাজের একটা বড় অংশই চলমান। তখন আনুষ্ঠানিক ভাবে জানানো হবে সবকিছু।



