সংখ্যায় ৭৫০ বলের টেস্ট

সংগৃহীত ছবি
৩
অস্ট্রেলিয়াতে খেলা শেষ সাতটি টেস্টের তিনটিই শেষ হয়েছে মাত্র দুই দিনে। অথচ এর আগে পুরো অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে দুই দিনে ম্যাচ শেষ হয়েছিল কেবল দুটি।
৪
টেস্টে এটি স্টার্কের চতুর্থ ১০ উইকেটের কীর্তি। অজি পেসারদের মধ্যে তার সামনে আছেন কেবল ডেনিস লিলি (৭টি)।
৭
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে শরিফুল ইসলাম ৪৮ রানে নিয়েছেন ৭ উইকেট, যা টেস্টে বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সেরা। তবে বাংলাদেশি পেসারদের মধ্যে ৭ উইকেট নেওয়া প্রথম বোলার তিনি।
৮
স্টার্কের ১০ উইকেটের ৮টিই ছিল বাঁহাতি ব্যাটারদের। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষেই নাথান লায়ন ফিরিয়েছিলেন বাঁহাতি ১০ ব্যাটারকে যা টেস্টে সর্বোচ্চ।
১০০
ম্যাকাই টেস্টে বাংলাদেশ দুই ইনিংসে অলআউট হয়েছে ৬৪ ও ৯৫ রানে। টেস্টের দুই ইনিংসেই ১০০-র নিচে অলআউট হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম। এর আগে তাদের সর্বনিম্ন ম্যাচ সংগ্রহ ছিল ২০১৮ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৭ রান।
১০৯
ম্যাচে ১০ উইকেট নিতে মিচেল স্টার্কের লেগেছে মাত্র ১০৯ বল। টেস্টে এর চেয়ে কম বলে ১০ উইকেট নেওয়ার রেকর্ড আছে মাত্র চারজন বোলারের।
২১০
ম্যাকাই-এ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করেছিল ২১০। টেস্টের ইতিহাসে কোনো দলের ইনিংস ব্যবধানে জয়ে এটি চতুর্থ সর্বনিম্ন স্কোর।
৩৬৯
ম্যাকাই টেস্টে দুই দল মিলে রান করেছে ৩৬৯। এটি টেস্টে ষষ্ঠ সর্বনিম্ন আর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন। সর্বনিম্ন ছিল ১৯৩২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩৪ রান।
৭৫০
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ম্যাকাই টেস্টে শেষ হয়েছে মাত্র ৭৫০ বলে। এটি টেস্ট ইতিহাসের চতুর্থ সংক্ষিপ্ত এবং অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সংক্ষিপ্ত টেস্ট।
১৮৮৬
শরিফুলের আগে সর্বশেষ কোনো বাঁহাতি ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন ১৮৮৬ সালে—ম্যানচেস্টারে ডিক বার্লো।






