খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

পটুয়াখালীর দশমিনায় বন বাগানের একটি খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় মো. আল আমিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে বন বিভাগ।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর হায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন বন বাগানের একটি খালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. আল আমিন বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমবাড়িয়া গ্রামের বাসিন্দা, আব্দুর রহিম শিকদারের ছেলে।
বন বিভাগ সূত্র জানায়, বন বাগানের একটি খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে আল আমিনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চর হায়দার বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন। এ সময় বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চর হায়দার বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন আগামীর সময়কে বলেছেন, বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করা হলে জলজ প্রাণী ও বনাঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। খবর পেয়ে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।
আটক মো. আল আমিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দশমিনা থানায় হস্তান্তর করেছে বন বিভাগ। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।







