ঢাকা টেস্ট
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক

ছবি: মোশারফ হোসেন ভুবন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিং করা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন স্পিনার নিয়ে গঠন করা হয়েছে স্বাগতিকদের একাদশ। অতিথিরাও দুই পেসার ও দুই স্পিনার নিয়েছে। দুই পেসার জেইডেন সিলস ও শামার জোসেফের সঙ্গে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের। তার সঙ্গী জোমেল ওয়ারিকান ও স্পিন বোলিং অল-রাউন্ডার রোস্টন চেইজ।
চোটের কারণে বাংলাদেশ একাদশে নেই মুশফিকুর রহিম। গতকাল সকালে অনুশীলনের সময় মুশফিক আঙুলে চোট পেয়েছিলেন। এক্সরে রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি। তাই গতকাল বলা হয়েছিল, তিনি একাদশে থাকবেন। শেষ পর্যন্ত তাকে একাদশে দেখা যায়নি। মুশফিকের বদলে এসেছেন গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষিক্ত তাওহীদ হৃদয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে বাংলাদেশ আছে ৪ নম্বরে। প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে আরও চারটি টেস্ট জিততে হবে টাইগারদের। হাতে আছে মোট ৬টি টেস্ট। তাই উইন্ডিজকে দুই ম্যাচ হারাতে পারলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। পয়েন্ট তালিকায় আটে থাকায় ওয়েস্ট ইন্ডিজের অবশ্য সে রকম কোনো চাপ নেই। তারা সেরা পাঁচে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায়।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারাইন চান্দারপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রস্টন চেইস, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডেন সিলস।



