অভিষেকেই চার বলে চার উইকেট নিয়ে ভারতীয় বোলারের ইতিহাস

সংগৃহীত ছবি
রেলওয়ের ২৩ বছর বয়সী ডানহাতি পেসার জামশেদ আলমের টি-টোয়েন্টি অভিষেকটা হলো স্বপ্নের মতো। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন তিনি। এই কীর্তি গড়া তৃতীয় ভারতীয় বোলার জামশেদ।
মাত্র ৯ বলের ব্যবধানে পাঁচ উইকেটও তুলে নেন জামশেদ। ক্রিকইনফোর রেকর্ড অনুযায়ী, এর চেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে মাত্র দুবার। পুরুষদের টি-টোয়েন্টিতে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়া ষষ্ঠ ভারতীয় বোলারও এখন জামশেদ।
ইন্দোরে ম্যাচটিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে রেলওয়ে। জবাবে সৌরাষ্ট্রের ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে হরভিক দেশাই, প্রেরক মানকাদ, রুচিত আহির ও সাম্মার গজ্জরকে পরপর চার বলে সাজঘরে ফেরান জামশেদ। পরের ওভারে সিদ্ধার্থ রানাকে আউট করে পূর্ণ করেন পাঁচ উইকেট। মাত্র ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সৌরাষ্ট্র।
দেশাই জুবায়ের আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। মানকাদকে বোল্ড করেন জামশেদ। গজ্জর ও রানাকে ফেরান এলবিডব্লিউ করে। অন্যদিকে আহির ক্যাচ দেন উইকেটরক্ষকের হাতে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৩ রান করে সৌরাষ্ট্র। ২৯ রানে ম্যাচ জেতে রেলওয়ে। নিজের শেষ ওভারে ১৭ রান দিলেও ৩৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন জামশেদ।
এর আগে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন কর্ণাটকের অভিমন্যু মিথুন ও বিদর্ভের দর্শন নালকান্ডে। ২০১৯ সালের নভেম্বরে হরিয়ানার বিপক্ষে ম্যাচের শেষ ওভারে চার উইকেট নিয়েছিলেন মিথুন। ২০২১ সালের নভেম্বরে কর্ণাটকের বিপক্ষে একই কীর্তি গড়েন নালকান্ডে। দুজনই ইনিংসের ২০তম ওভারে এ কীর্তি গড়েছিলেন।
ভারতের বাইরে পুরুষদের টি-টোয়েন্টিতে জামশেদের চেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে দুজনের। ২০২৫ সালে কম্বোডিয়ার বিপক্ষে মাত্র ছয় বলে পাঁচ উইকেট নিয়েছিলেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা। একই বছর এস্তোনিয়ার বিপক্ষে আট বলে পাঁচ উইকেট নেন ফিনল্যান্ডের মহেশ তাম্বে।
বিশ্ব জুড়েও টি-টোয়েন্টি অভিষেকে চার বলে চার উইকেট নেওয়ার নজির খুব বেশি নেই। জামশেদের আগে একমাত্র আফাক আফ্রিদি এই কীর্তি গড়েছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়নস টি-টোয়েন্টি কাপে নিজের অভিষেক ম্যাচেই এই কীর্তি গড়েন তিনি।
এর আগে উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে মিরাট ম্যাভেরিকসের হয়ে খেলেছেন জামশেদ। রেলওয়ের হয়ে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের সিকে নাইডু ট্রফিতেও খেলেছেন তিনি। এ ছাড়া চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি মুম্বাই লিগে আকাশ টাইগার্স এমডব্লিউএসের হয়ে খেলেছেন এই পেসার।



