হেডের ঝোড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ

সংগৃহীত ছবি
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ট্রাভিস হেড। আগের ম্যাচে মাত্র ৪ রানে থেমে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনার এবার খেললেন ৮৪ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
শুরু থেকেই আগ্রাসী ছিলেন হেড। ব্র্যাড ইভান্সকে প্রথম বলেই চার মেরে রানের খাতা খোলেন তিনি। এরপর ব্লেসিং মুজারাবানির এক ওভারেই মারেন তিনটি চার। ৩২ বলে ফিফটি পূর্ণ করার পর সেঞ্চুরির পথে আরও বিধ্বংসী হয়ে ওঠেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
মাত্র ৭৫ বলে তিন অঙ্কে পৌঁছে নতুন রেকর্ড গড়েন হেড। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের এটিই দ্রুততম শতক। আগের ম্যাচে ম্যাট রেনশর ৮৬ বলে করা সেঞ্চুরিকে ছাড়িয়ে যান তিনি।
হেডের ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা। সেঞ্চুরি পূর্ণ করার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২৮তম ওভারে ওয়েসলি মাধেভেরের বলে কাভার-পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করা অষ্টম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হেড। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ২০তম শতক।
হেডের পাশাপাশি কুপার কনোলির ৭৮ ও মিচেল মার্শের ৫৩ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।



